- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- মার্চ ২৫, ২০২৩
মহিলা বক্সিংয়ে ইতিহাস স্পর্শ করার সামনে দাঁড়িয়ে লভলিনা, নিখাতরা
মহিলাদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়ার সামনে দাঁড়িয়ে লভলিনা বরগোহাইন, নিখাত জারিন, সুইটি বোরা ও নীতু ঘাঙ্ঘাস। এই চার বক্সারের হাত ধরে ২০০৬ সালের নজির স্পর্শ করার হাতছানি ভারতের। ১৭ বছর আগে দিল্লিতে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে ভারতকে চার–চারটি সোনা এনে দিয়েছিলেন মেরি কম, সরিতা দেবী, আরএল জেনি এবং কেসি লেখা। ১৭ বছর আগের সেই নজির স্পর্শ করার সুযোগ এসেছে নীতু, সুইটি, জারিন এবং লভলিনাদের সামনে।
আন্তর্জাতিক প্রতিযোগিতায় তিনটি ব্রোঞ্জ জিতলেও এখনও সোনা অধরাই থেকে গেছে লভলিনা বরগোহাইনের। এর আগে বিশ্ব চ্যাম্পিয়নশিপে তিনি দুটি ব্রোঞ্জ জিতেছিলেন এছাড়া টোকিও অলিম্পিকেও তিনি ব্রোঞ্জ জিতেছিলেন। অস্ট্রেলিয়ার কাইতলিন পার্কারের বিরুদ্ধে এবার তিনি জীবনের প্রথম আন্তর্জাতিক সোনা জয়ের জন্য লড়াইয়ে নামবেন।
এছাড়া রবিবার ৫০ কেজি বিভাগে ফাইনালে নামছেন নিখাত জারিন। ফাইনালে তাঁর প্রতিপক্ষ এনগুয়েন থি থাম। গত বছর ৫২ কেজি বিভাগে সোনা জিতেছিলেন নিখাত জারিন। ২৬ বছর বয়সী এই বক্সারের কাছে খেতাব ধরে রাখার লড়াই। যেরকম ফর্মে আছেন তেলেঙ্গানার এই বক্সার, তাতে চ্যাম্পিয়ন না হওয়াটাই অস্বাভাবিক। ইভেন্ট বদলে ৫০ কেজি বিভাগে নামলেও নিখাত জারিনের পারফরমেন্সে কোনও প্রভাব পড়েনি। টানা দ্বিতীয়বার বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনার পদকের সামনে দাঁড়িয়ে তেলেঙ্গনার এই বক্সার।
শনিবার ৭৫ কেজি বিভাগে ফাইনালে নামছেন সুইটি বোরা। ফাইনালে সুইটির প্রতিপক্ষ চীনের ওয়াং লিনা। ২০১৪ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিলেন সুইটি। কিন্তু সেবার সোনা জয়ের স্বপ্ন তাঁর পূরণ হয়নি। এবার আক্ষেপ মেটাতে তৈরি ৩০ বছর বয়সী অভিজ্ঞ ভারতের এই বক্সার। সুইটি বোরা ছাড়াও শনিবার ফাইনালে নামবেন হরিয়ানার আরও এক বক্সার নীতু ঘাঙ্ঘাস। ২০২২ কমনওয়েলথ গেমসে ৪৮ কেজি বিভাগে সোনা জিতেছিলেন নীতু। সিনিয়র বিশ্ব মিটে এই প্রথম তিনি পদকের সামনে পৌঁছে গেছেন। ফাইনালে তাঁর প্রতিপক্ষ মঙ্গোলিয়ার লুটসাইখান। তাঁকে হারালেই ইতিহাস তৈরি করবেন ২২ বছর বয়সী নীতু।
❤ Support Us






