Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • মার্চ ১৮, ২০২৪

কোহলিকে টেক্কা দিয়ে গেলেন স্মৃতি মান্ধানা, ফ্র‌্যাঞ্চাইজি লিগে প্রথম চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালোর

আরম্ভ ওয়েব ডেস্ক
কোহলিকে টেক্কা দিয়ে গেলেন স্মৃতি মান্ধানা, ফ্র‌্যাঞ্চাইজি লিগে প্রথম চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালোর

স্মৃতি মান্ধানাকে বলা ভারতীয় মহিলা ক্রিকেটের বিরাট কোহলি। কোহলির সঙ্গে তাঁর বারবার তুলনা চলে আসে। রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালোরের জার্সি গায়ে বিরাট কোহলিকে ছাপিয়ে গেলেন স্মৃতি মান্ধানা। কোহলি যা পারেননি, তাই করে দেখালেন স্মৃতি। দীর্ঘদিন রয়্যাল চ্যালেঞ্জার্সকে নেতৃত্ব দিয়ে আইপিএলে চ্যাম্পিয়ন করতে পারেননি কোহলি। আর মহিলাদের প্রিমিয়ার লিগের দ্বিতীয় সংস্করণেই বেঙ্গালুরুকে সাফল্য এনে দিলেন স্মৃতি মান্ধানা। তাঁর হাত ধরেই প্রথমবার মহিলা প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালোর। ফাইনালে দিল্লি ক্যাপিটালসকে উড়িয়ে দিল ৮ উইকেটে।
টস জিতে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেছিল দিল্লি ক্যাপিটালস। ওপেনিং জুটিতে ৭ ওভারেই ৬৪ রান তুলে ফেলে। শুরু থেকেই ঝড় তুলেছিলেন শেফালি ভার্মা। অস্টম ওভারে বাজিমাত সোফিয়ে মোলিনেক্সের। ওই ওভারেই তিনি দিল্লির ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন। প্রথম বলে তুলে নেন শেফালিকে। মোলিনেক্সের বল গ্যালারিতে পাঠাতে গিয়ে বাউন্ডারি লাইনে ওয়ারহ্যামের হাতে ক্যাচ দিয়ে আউট হন শেফালি। ২৭ বলে ৪৪ রান করেন তিনি। তৃতীয় বলে মোলিনেক্স ফেরান জেমাইমা রডরিগেজকে (‌০)‌। পরে বলে তুলে নেন অ্যালিস ক্যাপসিকে (‌০)‌।
এক ওভারে ৩ সেরা ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে যায় দিল্লি ক্যাপিটালস। সেখান থেকে আর বেরিয়ে আসতে পারেনি। একাদশ ওভারে অধিনায়ক মেগ ল্যানিংকে (‌২৩ বলে ২৩)‌ ফেরান শ্রেয়াঙ্কা পাটিল। মারিজানে কাপ (‌৮)‌, জেস জোনাসেনরা (‌৩) রান পাননি। রাধা যাদব করেন ১২, অরুন্ধতি রেড্ডি ১০। দুরন্ত বোলিং করে দিল্লির লোয়ার অর্ডারে ভাঙন ধরান শ্রেয়াঙ্কা। ১২ রানে তিনি তুলে নেন ৪ উইকেট। ২০ রানে ৩ উইকেট নেন মোলিনেক্স। ১৮.‌৩ ওভারে মাত্র ১১৩ রানে গুটিয়ে যায় দিল্লি ক্যাপিটালস।
কম রানের পুঁজি নিয়েও হাল ছাড়েনি দিল্লি। যদিও বেঙ্গালুরুর জয়ের ভিত গড়ে দিয়েছিলেন অধিনায়ক স্মৃতি মান্ধানা ও সোফিয়ে ডিভাইন। ওপেনিং জুটিতে তুলে ফেলেন ৪৯। সোফিয়ে ডিভাইনকে (‌২৭ বলে ৩২)‌ তুলে নিয়ে জুটি ভাঙেন শিখা পাণ্ডে। তাঁর আটোসাঁটো বোলিংয়ের সামনে আক্রমণাত্মক হতে পারেননি স্মৃতিরা। ৩৯ বলে ৩১ রান করে আউট হন স্মৃতি মান্ধানা। এরপর বেঙ্গালুরুকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন এলিসে পেরি (‌৩৭ বলে অপরাজিত ৩৫)‌ ও রিচা ঘোষ (‌১৪ বলে অপরাজিত ১৭)‌। ৩ বল বাকি থাকতে ১১৫/‌২ তুলে প্রথমবার দেশের ফ্র‌্যাঞ্চাইজি লিগে চ্যাম্পিয়ন হল রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালোর। পুরুষদের ফ্র‌্যাঞ্চাইজি লিগে কোহলি যা পারেননি, তাই–ই করে দেখালেন বেঙ্গালুরুর স্মৃতি মান্ধানা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!