- মা | ঠে-ম | য় | দা | নে
- ফেব্রুয়ারি ২০, ২০২৫
টানটান উত্তেজনার ম্যাচে ইউপি ওয়ারিয়রজকে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠে এল দিল্লি ক্যাপিটালস
৩ ওভারে ৩২। শেষ ওভারে জয়ের জন্য দিল্লি ক্যাপিটালসের দরকার ছিল ১১ রান। তাহলিয়া ম্যাকগ্রাথের প্রথম বলে ১ রান নেন মারিজানে কাপ। পরের দু’বলে বাউন্ডারি হাঁকিয়ে ইউপি ওয়ারিয়রজকে ম্যাচ থেকে ছিটকে দেন সাদারল্যান্ড। টানটান উত্তেজনার ম্যাচে ইউপি ওয়ারিয়রজকে ৭ উইকেটে হারিয়ে মহিলাদের প্রিমিয়ার লিগে আবার জয়ের সরণিতে ফিরল দিল্লি ক্যাপিটালস। অন্যদিকে, টানা দ্বিতীয় হার ইউপি ওয়ারিয়রজের।
টস জিতে ইউপি ওয়ারিয়রজকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল দিল্লি ক্যাপিটালস। দারুণ শুরু করেছিলেন দুই ওপেনার কিরণ নবগিরে ও বৃন্দা দীনেশ। ওপেনিং জুটিতে ওঠে ৬৬। ১৫ বলে ১৬ রান করে আউট হন বৃন্দা। এরপরই ধস নামে ইউপি ইনিংসে। কিরণ নবগিরে, (২৭ বলে ৬১), তাহলিয়া ম্যাকগ্রাথ (১), দীপ্তি শর্মা (৭)। মিডল অর্ডারে হঠাৎ ধসে চাপে পড়ে যায় ইউপি। শ্বেতা শেরাওয়াত ৩৩ বলে ৩৭), চিনেল হেনরিদের (১৫ বলে অপরাজিত ৩৩) সৌজন্যে ৭ উইকেটে ১৬৬ রান তোলে ইউপি। অ্যানাবেল সাদারল্যান্ড ২৬ রানে ২টি, উইকেট নেন। মারিজান কাপ, জেস জোনাসেন, অরুন্ধতী রেড্ডি, মিন্নু মনি একটি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে ১৯.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দিল্লি ক্যাপিটালস। অধিনায়ক মেগ ল্যানিং ওপেন করতে নেমে ১২টি চারের সাহায্যে ৪৯ বলে ৬৯ রান করেন। অ্যানাবেল সাদারল্যান্ড ৩৫ বলে ৪১ ও মারিজান কাপ ১৭ বলে ২৯ রানে অপরাজিত থাকেন। শেফালি ভার্মা ১৬ বলে করেন ২৬। মারেন তিনটি চার ও একটি ছয়। জেমাইমা রডরিগেজ (০) ব্যর্থ। সোফিয়ে এক্লেস্টোন ৩১ রানে, দীপ্তি শর্মা ২৭ রানে ও গ্রেস হ্যারিস ১১ রানে একটি করে উইকেট পেয়েছেন। এই জয়ের ফলে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে উঠে এল দিল্লি ক্যাপিটালস।
❤ Support Us








