- মা | ঠে-ম | য় | দা | নে
- আগস্ট ১৬, ২০২৩
এশিয়ান গেমস থেকে সরে দাঁড়ালেন ভিনেশ ফোগাট
এশিয়ান গেমস থেকে থেকে নাম প্রত্যাহার করে নিলেন মহিলা কুস্তিগীর ভিনেশ ফোগাট। হাঁটুর চোটের জন্য তিনি এবছর এশিয়ান গেমসে অংশ নিতে পারবেন না বলে তিনি জানিয়েছেন। তাঁর পরিবর্তে ভারতীয় মহিলা কুস্তি দলে ঢুকলেন অন্তিম পাংঘাল। যিনি এশিয়ান গেমসের জন্য স্ট্যান্ডবাই হিসেবে ছিলেন।
ট্রায়াল ছাড়াই এবছর ভারতীয় এশিয়ান গেমসের জন্য মহিলা কুস্তি দলে সুযোগ পেয়েছিলেন ভিনেশ ফোগাট। এই নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। বেশ কয়েকজন কুস্তিগীর প্রতিবাদও জানিয়েছিলেন। ট্রায়ালে শীর্ষে থাকলেও এশিয়ান গেমস দলে সুযোগ না পাওয়াই অন্তিম পাংঘাল আদালতের দ্বারস্থ হয়েছিলেন। যদিও আদালত তাঁর আবেদন নাকচ করে দিয়েছিল।
মঙ্গলবার টুইট করে ভিনেশ ফোগাট এশিয়ান গেমসে অংশ না নেওয়ার কথা জানিয়েছেন। টুইটারে ২০১৮ এশিয়ান গেমসে সোনাজয়ী এই ভারতীয় মহিলা কুস্তিগীর লিখেছেন, “আমি একটা খুবই খারাপ খবর জানাচ্ছি। ১৩ আগস্ট অনুশীলন করার সময় বাম হাঁটুতে চোট পেয়েছি। এই চোট সারাতে সময় লাগবে। হাঁটুর স্ক্যান করা হয়েছে। রিপোর্ট পরীক্ষা করে চিকিৎসকরা জানিয়েছেন অস্ত্রোপচার করতে হবে। ১৭ আগস্ট মুম্বইতে আমার অস্ত্রোপচার হবে। তাই আমি এশিয়ান গেমসে অংশ নিতে পারব না। এশিয়ান গেমস থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি।”
ভিনেশ সোশ্যাল মিডিয়ায় আরও লিখেছেন, “২০১৮ সালে জাকার্তায় এশিয়ান গেমসে সোনা জিতেছিলাম। আমার স্বপ্ন ছিল এবছর চীনের হ্যাংজুতেও আবার দেশকে সোনা এনে দেওয়া। কিন্তু দুর্ভাগ্যবশত চোটের জন্য আমাকে সরে দাঁড়াতে হল।” প্রসঙ্গত উল্লেখ্য, ট্রায়াল ছাড়াই ভিনেশ ফোগাট ও বজরং পুনিয়াকে এশিয়ান গেমসের দলে সুযোগ দেওয়া হয়েছিল। ভিনেশ ফোগাট সরে দাঁড়ানোয় অন্তিম পাংঘাল সুযোগ পেলেন।
এদিকে, কুস্তি সংস্থার কাজকর্ম দেখাশোনার জন্য যে অ্যাড হক কমিটি তৈরি করেছিল ভারতীয় অলিম্পিক সংস্থা, সেই অ্যাড হক কমিটি জানিয়ে দিয়েছে, বিশ্বচ্যাম্পিয়নশিপের জন্য ভিনেশ ফোগাট ও বজরং পুনিয়াকে ট্রায়ালে নামতে হবে। তাদের কোন ছাড় দেওয়া হবে না ২৩ এবং ২৪ আগস্ট পাতিয়ালাতে এই ট্রায়াল অনুষ্ঠিত হবে। কিন্তু অস্ত্রোপচারের জন্য ভিনেশের পক্ষে ট্রায়ালে নামা সম্ভব হবে না।
❤ Support Us







