- মা | ঠে-ম | য় | দা | নে
- জুন ৬, ২০২৫
রুদ্ধশ্বাস ম্যাচে ফ্রান্সকে ৫–৪ ব্যবধানে হারিয়ে উয়েফা নেশনস লিগের ফাইনালে স্পেন
উয়েফা নেশনস লিগের ফাইনালে দুই প্রজন্মের লড়াই। একদিকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, অন্যদিকে লামিনে ইয়ামাল। জার্মানিকে হারিয়ে আগের দিনই ফাইনালে পৌঁছে গিয়েছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল। বৃহস্পতিবার রাতে রুদ্ধশ্বাস ম্যাচে ফ্রান্সকে ৫–৪ ব্যবধানে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল স্পেন।
বিশ্বের দুই মহাশক্তিধর দেশের লড়াই যে অন্যমাত্রায় পৌঁছবে, সেকথা বলার অপেক্ষা ছিল না। একদিকে লামিনে ইয়ামাল, নিকো উইলিয়ামস, মেরিনো, পেদ্রিদের মতো তরুণ তারকারা। অন্যদিকে, কিলিয়ান এমবাপে, কেলো মুয়ানি, ওসমানু ডেম্বেলে, র্যাবিয়টের মতো অভিজ্ঞ ফুটবলাররা। তবে শুরু থেকেই অবশ্য তারুণ্যের দাপট ছিল। আর সেই দাপটেই ২৫ মিনিটের মধ্যে ফ্রান্সের জালে দু’দুবার বল পাঠায় স্পেন। ২২ মিনিটে নিকো উইলিয়ামস গোল করে স্পেনকে এগিয়ে দেন। ৩ মিনিট পরই ব্যবধান বাড়ান মিকেল মেরিনো।
বিরতির পরও দাপট অব্যাহত ছিল স্পেনের। ৫৪ মিনিটে পেনাল্টি থেকে ৩–০ করেন লামিনে ইয়ামাল। ১ মিনিট পরই পেদ্রি ৪–০ ব্যবধানে এগিয়ে দেন স্পেনকে। ৪ গোলে পিছিয়ে পড়েও হতদ্যোম হয়ে পড়েনি ফ্রান্স। ধীরে ধীরে খেলায় ফেরার চেষ্টা করে। ৫৯ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান কমান এমবাপে। ৬৭ মিনিটে ফ্রান্সকে আরও কোনঠাসা করে দেয় ইয়ামাল। তাঁর গোলেই ৫–১ ব্যবধানে এগিয়ে যায় স্পেন।
৭৯ মিনিটে ফ্রান্সের হয়ে রায়ান চেরকি ব্যবধান কমান। ৮৪ মিনিটে দানি ভিভিয়ানের আত্মঘাতী গোলে ব্যবধান কমিয়ে ৫–৩ করে ফেলে ফ্রান্স। শেষদিকে আরও মরিয়া হয়ে ওঠেন এমবাপেরা। ম্যাচের ইনজুরি সময়ে কেলো মুয়ানির গোল করে ব্যবধান আরও কমিয়ে ৫–৪ করে ফেলেন। কিন্তু সমতা ফেরানোর মতো আর পর্যাপ্ত সময় না থাকায় হার স্বীকার করতে হল ফ্রান্সকে। রবিবার ফাইনালে পর্তুগাল ও স্পেন মুখোমুখি হবে।
❤ Support Us







