- দে । শ
- আগস্ট ১৯, ২০২৪
পুজো দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ১, জখম ৫
আনন্দ উৎসবে শোকের ছায়া। মনসার পুজো দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল মহিলার। জখম হলেন ৫ জন। মন্তেশ্বরের ভারুছা গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনায় ম্লান গ্রামের বাৎসরিক আনন্দোৎসব। সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করা হয়েছে। মৃত মহিলার নাম কদম হাজরা (৩৭)। তার বাড়ি স্থানীয় ভারুছা গ্রামে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহতদের মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় মন্তেশ্বরের পুলিশ। তদন্ত শুরু করে।
জানা গেল ভারুচা গ্রামের মনসা পুজো ও উৎসবে যোগ দিতে হাজার-হাজার মানুষের ঢল নামে। মন্দিরের সামনে থাকা পাকা রাস্তার ধারে হাতের নাগালের মধ্যে বিদ্যুতের খোলা সরঞ্জাম ও খোলা তার পড়ে থাকার কারণেই দুর্ঘটনা বলে মনে করছেন গ্রামের মানুষজন। এই পুজোর অন্যতম আকর্ষণ হল অন্নসত্র। আর রাতে মন্দির লাগোয়া চত্বরে কলকাতা, মুম্বইয়ের নামীদামী সঙ্গীতশিল্পী ও অভিনেতা, অভিনেত্রীদের উপস্থিতিতে জমজমাট জলসা। জানা গেল, মনসা দেবীর মন্দিরের চারদিকে লোহার গ্রিল দিয়ে ঘেরা। পুজো চলাকালীন মন্দিরের বাইরে নিচের দিকে থেকে মহিলা পুণ্যার্থীরা পুজোর ডালা দেওয়া-নেওয়া করছিলেন। এমনসময়, বৈদ্যুতিক তারের সংযোগে লোহার গ্রিল বিদ্যুৎবাহী হয়ে যায়। গ্রিলে হাত পড়তেই ভক্তরা বিদ্যুৎস্পৃষ্ট হন। মর্মান্তিক ঘটনার পরেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এই ঘটনার পরেই কান্নার রোল ওঠে এলাকায়। প্রশ্ন ওঠে মন্দিরের মধ্যে থাকা বিদ্যুতের ব্যবস্থাপনা নিয়ে। পুজোর দায়িত্বে থাকা অপূর্ব নন্দী, সুভাষ দাসরা বললেন, ‘পুজো দেওয়ার জন্য হুড়োহুড়ি ভিড় পড়ে যায়। সেইসময় বিদ্যুতের তারটি কোনওকারণে লিক হয়ে যায়। এরপরেই লোহার গেটটি বিদ্যুৎবাহী হয়ে যায়। সেইসময় গ্রিলের গেটের কাছে থাকা ভক্তরা বিদ্যুৎস্পৃষ্ট হন।’ ঘটনার পরই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে নতুন করে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করা হয়েছে।
❤ Support Us






