- দে । শ
- অক্টোবর ৩১, ২০২৫
১ বছরে ১১ জনের সলিল সমাধি ! কাটোয়ার বিপজ্জনক ৬ ঘাট পরিদর্শন পুলিশ-পুর কর্তৃপক্ষের
ছট পুজোয় ভাগীরথীতে স্নান করতে গিয়ে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। কাটোয়ার ভাগীরথীর দেবরাজ ঘাটের এই মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর পুলিশ, প্রশাসন ও পুরসভা। ভাগীরথীর বিপজ্জনক স্নানঘাটগুলি পরিদর্শন করলেন ৪ সদস্যের একটি প্রতিনিধি দল। কাটোয়ার পুরপ্রধান সমীর কুমার সাহার নেতৃত্বে পুলিশ, সেচদফতর, মহকুমাশাসকের দপ্তর ও পুরসভার বাস্তুকাররা কাটোয়ার ৬টি স্নানঘাট পরিদর্শন করেন।
বিপজ্জনক ঘাটগুলিতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে স্নানের সময় সাবধানতা অবলম্বনের বার্তা লিখে ফ্লেক্স টাঙিয়েছে। বাঁশ ও দড়ি দিয়ে ঘিরে দিয়েছে। চলছে সচেতনতা প্রচার। গত এক বছরে ভাগীরথীর তিনটি স্নানঘাটে মোট ১১ জনের জলে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে। এদিন কাটোয়া থানার আইসি তীর্থেন্দু গাঙ্গুলি সেচদপ্তরের আধিকারিকের কাছে বারবার স্নানঘাট সংলগ্ন নদীগর্ভে লোহার বিম বসিয়ে শিকলের ব্যবস্থা করার কথা বলেন। বলেন, ‘তাহলে নদীতে স্নান করার সময় শিকল ধরে মানুষ স্নান করতে পারবেন। দুর্ঘটনার আশঙ্কা থাকবে না।’ পুরপ্রধান সমীরবাবু বলেন, ‘স্নানঘাটের বিপজ্জনক অবস্থার কথা পুরসভার পক্ষ থেকে বারবার প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।
সেচদপ্তরেরও নজরে আনা হয়েছে।’ বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে জানান সেচ দফতরের আধিকারিক তারকনাথ মিশ্র। স্থানীয় বাসিন্দা কার্তিক দাস, ইজাজুল শেখদের কথায়, ‘সেচ দফতরের যদি ঘাটগুলোর সঠিক দেখভাল করে তাহলে দুর্ঘটনা কমে যাবে।’ এদিকে জলে ডোবার একদিন বাদে ২ ভাইয়েরই নিথর দেহ উদ্ধার করলেন প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা দপ্তরের সদস্যরা। শিবম সাউয়ের (২০) দেহ উদ্ধার হল কাটোয়ার অনতিদূরে নয়াচর এলাকায়। আর শিবমের দাদা সুজন সাউয়ের (২৩) দেহ উদ্ধার হল কাটোয়ার উল্টোদিকে নদিয়ার বল্লভপাড়া ঘাটের কাছে। দুটি দেহই ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
❤ Support Us






