- এই মুহূর্তে দে । শ
- ফেব্রুয়ারি ১১, ২০২৫
রামপুরহাটে উদ্ধার ১৬ হাজার কেজি বিস্ফোরক। বাংলা জুড়ে নাশকতার ছক ?
জামালপুরে বোমাবাজি, উঠছে গোষ্ঠী দ্বন্দ্বের অভিযোগ
রামপুরহাটে উদ্ধার বিপুল পরিমাণ বিস্ফোরক৷ তল্লাশি চালিয়ে একটি ট্রাক থেকে ৩২০টি ব্যাগ ভর্তি অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করেছে পুলিশ। যার মোট পরিমাণ ১৬ হাজার কিলোগ্রাম। পাশাপাশি, গাড়ির কাগজপত্র, ট্যাক্স চালান এবং পারমিট সংক্রান্ত একাধিক অসঙ্গতি ধরা পড়ে।
আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। এরমধ্যে সোমবার রাতে রামপুরহাট থানার অন্তর্গত মংসুবা মোড় এলাকায় ১৬ চাকার একটি ট্রাক আটক করে পুলিশ৷ তল্লাশি চালাতেই সেখান থেকে উদ্ধার হয় ৩২০ বস্তা অ্যামোনিয়াম নাইট্রেট। তোলপাড় শুরু হয় জেলা প্রশাসনিক মহলে। ঘটনার তদন্ত শুরু করে পুলিশ যার মোট পরিমাণ ১৬ হাজার কিলোগ্রাম। জানা গিয়েছে, তেলেঙ্গানা থেকে ঝাড়খণ্ডে যাচ্ছিল বিস্ফোরক বোঝাই ওই ট্রাকটি সেই সময়ই রামপুরহাটে ধরা পড়ে। গাড়ির কাগজপত্র, ট্যাক্স চালান এবং পারমিট সংক্রান্ত একাধিক অসঙ্গতি ধরা পড়ে। ট্রাকের চালক-খালাসিকে গ্রেফতার করেছে রামপুরহাট থানার পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে ৩০৩(২)/৩১৭(২) এবং ৯(বি) ধারায় মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই ঘটনার পেছনে বড় কোনও চক্রের হাত রয়েছে৷ অভিযুক্তদের জেরা করে ঘটনার মূলে পৌঁছাতে চাইছে পুলিশ৷
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে,বস্তাগুলোর গায়ে থাকা ব্যাচ নম্বর মুছে ফেলা হয়েছে। জানা গিয়েছে তেলেঙ্গানার সাঙ্গারেড্ডি জেলার কন্দাপুর মন্ডলের কোনাপুরের বালাজি এন্টারপ্রাইজ’ নামের এক কোম্পানি থেকে এই বিশাল পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট বাংলায় পাঠানো হয়েছিল। পুলিশ জানতে পেরেছে পশ্চিমবাংলাতেই বিপুল পরিমাণ বিস্ফোরক নামানোর কথা ছিল৷ তবে গাড়িটি ঝাড়খণ্ডের দেওঘরের সিরসিয়ার উদ্দেশে রওনা দিয়েছিল৷
বীরভূম জেলার পুলিশ সুপার আমন দীপ জানিয়েছেন, ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কী কারণে ওই বিপুল পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট নিয়ে যাওয়া হচ্ছিল, তারও সন্ধান চলছে। সাধারণত অ্যামোনিয়াম নাইট্রেট চাষের কাজে ব্যবহার হয়, আবার নাশকতার ক্ষেত্রে আইডি তৈরির কাজেও ব্যবহার হয়। বিপুল পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট কি চাষের কাজে ব্যবহার হত না কি অন্য কোনো উদ্দেশ্য ছিল, এর গভীরে যেতে চাইছেন তদন্তকারী কর্তারা। বৈধ কাগজপত্র কেন ছিল না? রাজ্যে নাশকতার ছক করা হচ্ছে? রাজনৈতিক মহলে এই প্রশ্ন উঠতে শুরু করেছে।
সম্প্রতি রাজ্য থেকে গ্রেফতার করা হয়েছিল একাধিক জঙ্গিকে। তাদের সঙ্গে প্রতিবেশি দেশের যোগাযোগ পাওয়া গিয়েছিল। তাই এই বিস্ফোরক কোথা থেকে, কী ভাবে এল, তা নিয়ে রাজ্যের গোয়েন্দা সংস্থার অধিকর্তাদের কপালে ভাঁজ পড়েছে । উল্লেখ্য, গত ৭ জানুয়ারি রামপুরহাটের জঙ্গল থেকে উদ্ধার হয়েছিল বিপুল পরিমাণ বিস্ফোরক। বীরভূমের রামপুরহাট ১ নং ব্লকের জঙ্গলের ভিতর থাকা পুরনো পরিত্যক্ত একটি ঘরে ওই বিস্ফোরক মজুত ছিল । জেলা পুলিশের এনফোর্সমেন্টের একটি দল সেখানে হানা দেয় । তাতেই ২০ হাজার ডিটোনেটর ও ১৫ হাজার জিলেটিন স্টিক উদ্ধার হয়েছিল । কারা, কেন মজুত করা হয়েছিল সেই বিষয়ে তদন্ত করা হয়েছিল, কিন্তু কেউ গ্রেপ্তার হয় নি। পুলিশের অনুমান, জঙ্গল পেরোলেই প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড । ওই সব এলাকায় বহু পাথর খাদান আছে । এছাড়াও রামপুরহাটে একাধিক পাথর খাদান আছে । এই সব খাদানগুলিতে বেআইনিভাবে বিস্ফোরণ ঘটিয়ে অনেক জায়গায় অবৈধভাবে পাথর কাটার অভিযোগও সামনে আসে । ওইসব ডিটোনেটর ও জিলেটিন স্টিক সেই কাজে ব্যবহারের জন্য বিক্রি হত বলে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে প্রাথমিকভাবে জানা গিয়েছে । এবার রামপুরহাটে অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধারের ফলে, দুই দুইয়ে চার করে দেখছেন অনেকে।
অন্যদিকে, বীরভূমের কাঁকরতলা থানা এলাকার জামালপুরে বোমাবাজিকে কেন্দ্র করে ছড়াল উত্তেজনা। স্থানীয় সূত্রে খবর, বালির টাকা ভাগাভাগি নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। তারপরই শুরু হয় বোমাবাজি। মুহূর্তের মধ্যে এলাকা রবিকট বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। ভরদুপুরে একের পর এক বোমা ফাটতে থাকে, চারপাশ ধোঁয়ায় ঢেকে যায়। আতঙ্কে মানুষ ছুটোছুটি শুরু করে। রণক্ষেত্রে পরিণত হয় এলাকা।
সূত্রের খবর, কাজল শেখ গোষ্ঠীর স্বপন সেন ও অনুব্রত মণ্ডল গোষ্ঠীর কোর কমিটির উজ্জ্বল হক কাদেরীর অনুগামীদের মধ্যে এই সংঘর্ষ হয়। বালির ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরেই দুই গোষ্ঠীর মধ্যে টানাপোড়েন চলছিল। সেই বিবাদই এদিন ভয়ঙ্কর রূপ নেয়। এই সংঘর্ষে ইতিমধ্যে একজন গুরুতর আহত হয়েছেন। বোমার আঘাতে এক তৃণমূল কর্মীর পা উড়ে গেছে বলে জানা গিয়েছে। তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। বোমাবাজির ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং দোষীদের চিহ্নিত করার কাজ চলছে।
দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ সাহার দাবি, এই ঘটনা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। অবৈধ বালি চালান, কাটমানির দাবিদাওয়া নিয়ে নিজেদের অশান্তি আর তার জেরেই অশান্ত এলাকা। তিনি বলেন, ‘অনুব্রত মণ্ডল, কাজল শেখের অনুগামীদের ভাগবাটোয়ারা নিয়ে বোমাবাজি। একটা মানুষের পা উড়ে গেল বলে শুনছি। এ ধরনের কাজকে যারা মদত দেয়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে, ভবিষ্যতে আরও বড় বিপদ অপেক্ষা করছে।’ যদিও তৃণমূল এই ঘটনাকে কোনও ভাবেই গোষ্ঠীকোন্দল বলে মানতে নারাজ। বীরভূমের জেলা তৃণমূলের সভাধিপতি কাজল শেখ এই ঘটনা নিয়ে কার্যত নিজের দায় ঝেড়ে ফেলে মন্তব্য করেছেন, যে এলাকায় এই ঘটনা ঘটেছে, দলের তরফে সেখানকার দায়িত্বে আছেন কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ। সাংগঠনিকভাবে এলাকা ভাগ করে দেওয়া আছে। ফলে এই ঘটনা নিয়ে তিনি কিছু বলতে পারবেন না। সভাধিপতি হিসাবে তাঁর কাজ কেবল প্রশাসনিক বিষয় দেখা, বলেও জানান তিনি।
❤ Support Us








