Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • মার্চ ১১, ২০২৫

মায়ানমারে জাল চাকরির ফাঁদে ২৮৩ জন ভারতীয়! দূতাবাস ও বায়ুসেনার যৌথ অভিযানে সফল উদ্ধারকার্য

আরম্ভ ওয়েব ডেস্ক
মায়ানমারে জাল চাকরির ফাঁদে ২৮৩ জন ভারতীয়! দূতাবাস ও বায়ুসেনার যৌথ অভিযানে সফল উদ্ধারকার্য

ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমান, মায়ানমার-থাইল্যান্ড সীমান্ত থেকে ২৮৩ ভারতীয়কে দেশে ফিরিয়ে এনেছে। এই ভারতীয় নাগরিকদের ভুয়ো চাকরির প্রলোভনে ফাঁসিয়ে থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস ও মায়ানমারের জালিয়াতি প্রতারণা কেন্দ্রে বিক্রি করা হয়েছিল। মানব পাচার ও সাইবার অপরাধের বিরুদ্ধে ভারতের আরো একটি বড় পদক্ষেপ।

ভারত সরকারের একটি বিশেষ কূটনৈতিক ও মানবিক প্রচেষ্টার মাধ্যমে সোমবার ২৮৩ জন ভারতীয় নাগরিককে মায়ানমার থেকে মুক্ত করে দেশে ফিরিয়ে আনা হয়েছে। এই ভারতীয়রা ভুয়ো চাকরির প্রলোভনে দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে গিয়েছিলেন, কিন্তু পরে তাদের জোর করে মায়ানমার-থাইল্যান্ড সীমান্তে অবস্থিত প্রতারণা কেন্দ্রগুলিতে সাইবার অপরাধমূলক কর্মকাণ্ডে নিযুক্ত করা হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই উদ্ধারকার্যে মায়ানমার ও থাইল্যান্ডে অবস্থিত ভারতীয় দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে কাজ করেছে, যার ফলে এই উদ্ধার অভিযান সফলভাবে করা গেছে। মায়ানমারের মেয়াওয়াড্ডি এলাকায় আটক ভারতীয়দের মুক্ত করে থাইল্যান্ডের মে সট শহরে নিয়ে আসা হয়। সেখান থেকে ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমানযোগে তাদের দেশে ফেরানো হয়। ভারত সরকার ইতিমধ্যেই একাধিকবার নাগরিকদের সতর্ক করে দিয়েছে এই ধরনের ভুয়ো চাকরির ফাঁদ সম্পর্কে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আবারও অনুরোধ করা হয়েছে যাতে বিদেশে চাকরি নেওয়ার আগে সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠান ও এজেন্টদের যথাযথভাবে যাচাই করা হয়। বিদেশে ভারতীয় মিশনের মাধ্যমে তাদের বৈধতা নিশ্চিত করা হয়।

তবে ভারতের তরফে এই উদ্ধারকার্য প্রথম নয়। গত ফেব্রুয়ারি মাসে একই ধরনের প্রতারণার শিকার ৮ জন ভারতীয় নাগরিককে মায়ানমারের মেয়াওয়াড্ডি অঞ্চল থেকে উদ্ধার করে থাইল্যান্ডের মে সট শহরে নিয়ে আসা হয়েছিল। সেই সময় ভারতীয় নাগরিক সহ মোট ১৯ জনকে উদ্ধার করা হয়েছিল। ভারতীয় দূতাবাস জানিয়েছে, ‘মায়ানমারের কেন্দ্রীয় প্রশাসন ও স্থানীয় গোষ্ঠীগুলির সহযোগিতায় মেয়াওয়াড্ডি অঞ্চলের স্ক্যাম কেন্দ্রগুলি থেকে ২৮৩ ভারতীয় নাগরিককে মুক্ত করা হয়েছে। শেষ উদ্ধারকার্যের আগে পর্যন্ত মোট ১৩৩ জন ভারতীয় নাগরিককে জালিয়াতি চক্রের কবল থেকে মুক্ত করা হয়েছে। আমরা আবারো নাগরিকদের এ অঞ্চলের চাকরির প্রস্তাব গ্রহণের বিরুদ্ধে সতর্ক করছি।’ উদ্ধার হওয়া ব্যক্তিরা জানিয়েছেন, তাঁদের ভালো বেতন ও সুযোগের লোভ দেখিয়ে বিদেশে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু সেখানে পৌঁছে তাঁরা বুঝতে পারেন, এটি একটি প্রতারণা। অনেকের পাসপোর্ট কেড়ে নেওয়া হয়, জোর করে অবৈধ কাজে লাগানো হয়। উদ্ধার হওয়া এক যুবক বলেন, ‘আমাকে ভালো চাকরির প্রলোভন দেখানো হয়েছিল, কিন্তু সেখানে গিয়ে জীবন নরক হয়ে গিয়েছিল।’

উদ্ধার হওয়া নাগরিকদের পরিবারে এখন আনন্দের পরিবেশ। তাঁরা প্রিয়জনের ফিরে আসার জন্য দিন গুনছিলেন তাঁরা। দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয়জনদের ফিরে পেয়ে অনেকেই আবেগে আপ্লুত। এক পরিবারের সদস্য জানান, ‘আমরা ভেবেছিলাম আর ফিরে পাব না। সরকারের এই উদ্যোগ আমাদের জন্য বড় স্বস্তি।’ ভারত সরকার এই ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড রুখতে কড়া ব্যবস্থা নিচ্ছে। নাগরিকদের আরও সচেতন করতে নিয়মিত পরামর্শ জারি করছে। যারা বিদেশে চাকরির সন্ধান করছেন, তাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করা হয়েছে যে, বিদেশি নিয়োগ সংস্থার পরিচয় ও বৈধতা ভারতীয় দূতাবাসের মাধ্যমে যাচাই করতে। অচেনা বা সন্দেহজনক জায়গা থেকে আসা চাকরির প্রস্তাবে সাড়া না দিতে। যদি কেউ প্রতারণার শিকার হন বা সন্দেহজনক কিছু ঘটে, তবে অবিলম্বে ভারতীয় দূতাবাস বা স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করবার অনুরোধ করা হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!