- দে । শ
- ফেব্রুয়ারি ১৭, ২০২৫
দিল্লি, বিহার, পুরী, সিকিম — প্রবল ভূমিকম্পে পরপর কেঁপে উঠল দেশের চার রাজ্য! কম্পনের সর্বোচ্চ মাত্রা ছিল ৪
সোমবার ভোরে দিল্লিবাসীর ঘুম ভাঙল বড়োসড়ো ভূমিকম্পে। সকাল সাড়ে ৫ টা নাগাদ থরথরিয়ে কেঁপে উঠল দিল্লি, নয়ডা, ফরিদাবাদ, গাজিয়াবাদ, গুরুগ্রামের বিভিন্ন এলাকা। খানিক পরেই বিহার, ওড়িশার পুরী এবং সিকিমের লাচুঙে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের সর্বোচ্চ মাত্রা ছিল ৪। কয়েক সেকেন্ডে স্থায়ী কম্পনের তীব্রতায় আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ। কাকভোরে বাড়ি ছেড়ে অনেকেই রাস্তায় নেমে পড়েন। প্রশাসনের তরফে এখনো পর্যন্ত এ ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায় নি। জাতীয় ভূ-কম্পন পরিমাপকেন্দ্র বা ন্যাশনাল সেন্টার ফোর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল দিল্লির ধৌলাকুঁয়া।মাটি থেকে মাত্র ৫ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। রিখটার স্কেলে মাত্রা কম হলেও বাসিন্দারা ভূমিকম্পের শক্তিশালী ঝাঁকুনি অনুভব করেছেন।
দিল্লি ভূমিকম্পপ্রবণ অঞ্চল। সিসমিক জোন-৪ এ অবস্থিত হওয়ায়, সেখানে এক দু বছর পরপরই মাঝারি থেকে শক্তিশালী ভু-কম্পন হয়।। ২০১৫ সালে ৩.৩ মাত্রার ভূমিকম্প হয়েছিল, তবে আজকের ভূমিকম্পটি মাঝারি মাত্রার ছিল। প্রশাসনের তরফে বলা হয়েছে ৩৫ সেকেন্ডের তীব্র কম্পনের সময় বিকট শব্দ শোনা গেছে। বিশেষজ্ঞদের মতে, উৎপত্তির গভিরতা কম থাকবার জন্য সমুদ্র গর্জনের মতো শব্দ শোনা গিয়েছে। মাটির গভিড়ে যে ছোট-বড়ো তরঙ্গ সৃষ্টি হয়েছে, তার ধাক্কাতেই এমন শব্দ, অস্বাভাবিক কিছু নয় বলে তাঁদের অভিমত। ভূ-অভ্যন্তরীণ চলমান টেকটনিক প্লেটের সংঘাতে এই প্রাকৃতিক ভয়াল কাণ্ড ঘটেছে বলে বিজ্ঞানীদের মত, তবে দিল্লীর জনঘনত্ব, অপরিকল্পিত নির্মাণের কারণের ভূমিকম্পনের সম্ভাবনা থাকে। ৮ মাত্রার কম্পন হলে, ধ্বংসলীলা ঘটতে পারে রাজধানীতে। ভূমিকম্পের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোশ্যাল মিডিয়ায় দিল্লীর আশেপাশে কম্পন সুনিশ্চিত করে পোস্ট করে, বাসিন্দাদের শান্ত এবং সজাগ থাকার অনুরোধ করেন। আফটার শকের জন্য প্রস্তুত থাকবার কথাও বলেছেন। দিল্লিপুলিশের তরফে বিপর্যয় মোকাবিলায় সহায়তা করবার জন্য হেল্পলাইন নাম্বার – ১১২ জারি করা হয়েছে। দিল্লীর প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল সাধারণ মানুষের সুরক্ষার জন্য প্রার্থনা করে পোস্ট করেছেন।
তবে, সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে প্রবল ঝাঁকুনির দৃশ্য ধরা পড়েছে, বাড়ির ফ্যান, আসবাব কেঁপে উঠেছে। রাজধানীর এক বাসিন্দা সেরকম একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘এটা ৪? আমার তো আরো বেশি মাত্রার কম্পন বলে মনে হল। না কি বাড়ির উপরের তলায় বেশি কম্পন টের পাওয়া যায়?’ অন্য আরেকজন লেখেন, ‘প্রচণ্ড জোরে ভূমিকম্প হল। মনে হল যেন, ঘরের নিচ দিয়ে গরজিলা হেঁটে যাচ্ছে।’ দিল্লিতে কম্পন অনুভূত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে কেঁপে ওঠে বিহার। সেখানেও কম্পনের মাত্রাও ছিল ৪। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, সকাল ৮ টা ২ মিনিটে কম্পন অনুভূত হয় বিহারে। ওড়িশার পুরীর বিস্তীর্ণ অঞ্চল এবং সিকিমের লাচুঙে এরপর কম্পন অনূভূত হয়। পুরীতে কম্পনের মাত্রা ছিল ৪.৭ এবং লাচুঙে ছিল ২.৩। তিন রাজ্যের কোথাও মেলেনি হতাহত বা ক্ষয়ক্ষতির খবর।
উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি চিনের শিনজিয়াংয়ে ৭.২ মাত্রার ভূমিকম্পের কারণে নয়াদিল্লিতেও ভূমিকম্প ঘটেছিল। তার আগে ১১ জানুয়ারিও আফগানিস্তানে ৬.১ মাত্রার ভূমিকম্পের কারণে দিল্লিতেও ভূমিকম্প হয়েছিল। হিমালয়ের ভূঅন্তস্থ সংঘাতপূর্ণ অঞ্চল থেকে মাত্র ২৫০ কিমি দূরে অবস্থিত দিল্লি। ভারতকে চারটি সিসমিক জোন বা ভূমিকম্প প্রবণ এলাকায় বিভক্ত করা হয়ে থাকে। কম্পন প্রবণতার নিরিখে দেশের রাজধানী পড়ে জোন ৪-র আওতায়। অর্থাৎ মাঝেমধ্যেই ভারতের রাজধানীর মাটি কেঁপে ওঠা কিছুই আশ্চর্যের নয়।
❤ Support Us






