Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • আগস্ট ১১, ২০২৫

গাজায় ‌সংবাদমাধ্যমের তাঁবুতে ইজরায়েলি ক্ষেপনাস্ত্র হামলা, নিহত ৫ সাংবাদিক

আরম্ভ ওয়েব ডেস্ক
গাজায় ‌সংবাদমাধ্যমের তাঁবুতে ইজরায়েলি ক্ষেপনাস্ত্র হামলা, নিহত ৫ সাংবাদিক

রবিবার গভীর রাতে গাজা সিটিতে ইজরায়েলি বিমান হামলায় নিহত ৫ সাংবাদিক। নিহতরা প্রত্যেকেই আল জাজিরার সাংবাদিক। এদের মধ্যে রয়েছেন আল জাজিরা আরবির সংবাদদাতা আনাস আল শরীফ, মহম্মদ কুরেইকেহ, ক্যামেরা অপারেটর ইব্রাহিম জাহের ও মহম্মদ নুফাল। আল–শিফা হাসপাতালের প্রধান ফটকের কাছে এই হামলার ঘটনা ঘটে, যেখানে বেশ কয়েকজন মিডিয়া কর্মী অবস্থান করছিলেন।
আল–শিফা হাসপাতালের প্রধান ফটকের বাইরে সাংবাদিকদের জন্য নির্ধারিত তাঁবুতে বেশ কিছু সাংবাদিক ছিলেন। সেই সময় ইজরায়েলি বাহিনী ওই তাঁবুর ওপর হামলা চালায়। বিমান থেকে ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করে। ঘটনাস্থলেই ৫ জন সাংবাদিক মারা যান। শিফা হাসপাতালের এক কর্তা জানিয়েছেন যে, হাসপাতালের বাইরের তাঁবু লক্ষ্য করে চালানো এই ক্ষেপনাস্ত্র হামলায় মোট ৭ জন মারা গেছেন।
ক্ষেপনাস্ত্র হামলায় নিহত হওয়ার ঠিক আগে এক্স–এ আল–শরীফ পোস্ট করেছিলেন, ইজরায়েল গাজার পূর্ব ও দক্ষিণ অংশে তীব্র বোমাবর্ষণ শুরু করেছে। তিনি ক্রমবর্ধমান বোমাবর্ষণের বর্ণনা দিচ্ছিলেন। তাঁর শেষ রেকর্ড করা ভিডিওতে ক্ষেপণাস্ত্র হামলার তীব্র বিস্ফোরণের শব্দ শোনা যায়। দেখা যায়, রাতের আকাশ মাঝে মাঝে কমলা রঙের ঝলকানিতে আলোকিত হচ্ছে। আল–শরীফের বার্তাটি ছিল, ‘‌গত ২ ঘন্টা ধরে গাজা সিটিতে ইজরায়েলি আগ্রাসন তীব্রতর হয়েছে।’‌
ফিলিস্তিনি সাংবাদিক গোষ্ঠীগুলি এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে এবং সংঘাতের মধ্যে সংবাদপত্রের স্বাধীনতার ওপর এক গুরুতর আঘাত বলে বর্ণনা করেছে। আল জাজিরা এই হামলায় সংবাদদাতা মহম্মদ কুরাইকেহ, ক্যামেরা অপারেটর ইব্রাহিম জাহের, মহম্মদ নৌফাল এবং মোয়ামেন আলিওয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। জাতিসংঘের এক বিশেষজ্ঞ এর আগে সতর্ক করে দিয়েছিলেন যে, গাজা থেকে তাঁর প্রথম সারির প্রতিবেদনের কারণে আল–শরীফের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে।
আল–শরীফকে হত্যার পর এক বিবৃতিতে ইজরায়েলি সেনাবাহিনী তাঁর বিরুদ্ধে হামাসের একটা শাখার নেতৃত্ব দেওয়ার অভিযোগ করেছে। ফিলিস্তিনি ওই সংগঠনের সঙ্গে তাঁর যোগোযোগের সুনির্দিষ্ট প্রমাণ তাদের কাছে আছে বলে দাবি করেছে ইজরায়েলি সেনাবাহিনী। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ‘‌আনাস আল–শরীফ হামাস সন্ত্রাসী সংগঠনের একটা সন্ত্রাসী সেলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং ইজরায়েলি বেসামরিক নাগরিক এবং আইডিএফ সৈন্যদের বিরুদ্ধে রকেট হামলার জন্য দায়ী ছিলেন।’‌
জাতিসংঘের বিশেষ প্রতিবেদক আইরিন খান গত মাসে আল শরীফের বিরুদ্ধে ইজরায়েলের দাবিকে ভুল বলে সমালোচনা করেছিলেন। ‘‌কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস’‌ আল–শরীফকে রক্ষা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছিল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!