Advertisement
  • Uncategorized
  • ডিসেম্বর ১৭, ২০২৫

টেকনো ইন্ডিয়া গ্রুপের যৌথ উদ্যোগে চুঁচুড়ায় শুরু ৫৪তম জাতীয় হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ

আরম্ভ ওয়েব ডেস্ক
টেকনো ইন্ডিয়া গ্রুপের যৌথ উদ্যোগে চুঁচুড়ায় শুরু ৫৪তম জাতীয় হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ

দীর্ঘ ২০ বছর পর বাংলায় ফের শীর্ষস্থানীয় জাতীয় হ্যান্ডবল প্রতিযোগিতার আসর বসলো। হুগলির চুঁচুড়া শহরের নেতাজি সুভাষ স্পোর্টস অ্যারেনায় শুরু হয়েছে ৫৪তম সিনিয়র পুরুষ জাতীয় হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ ২০২৫। ১৫ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত চলা এই প্রতিযোগিতায় দেশের সেরা হ্যান্ডবল খেলোয়াড়রা কোর্টে লড়াই করবেন।  পশ্চিমবঙ্গ রাজ্য হ্যান্ডবল অ্যাসোসিয়েশন ও টেকনো ইন্ডিয়া গ্রুপের যৌথ উদ্যোগে আয়োজন করা এ প্রতিযোগিতা হ্যান্ডবল অ্যাসোসিয়েশন ইন্ডিয়ার তত্ত্বাবধানে অনুষ্ঠিত হচ্ছে। চুঁচুড়ার নেতাজি সুভাষ স্পোর্টস অ্যারেনায় চারটি অত্যাধুনিক কোর্ট প্রস্তুত করা হয়েছে। দেশের বিভিন্ন রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল, সার্ভিসেস এবং বোর্ডের দলগুলো মোট ৮টি পুলে ভাগ হয়ে খেলা উপভোগ করবে। প্রতিটি পুলের শীর্ষ ২ দল প্রি-কোয়ার্টার ফাইনালে উঠবে এবং এরপর নকআউট পর্বে নির্ধারিত হবে চূড়ান্ত বিজয়ী। এই চ্যাম্পিয়নশিপের সেরা 8টি দল আগামী মেঘালয়ে অনুষ্ঠিত ন্যাশনাল গেমসে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করবে। এছাড়াও খেলোয়াড়দের পারফরম্যান্স বিবেচনায় রেখে এশিয়ান গেমসের জাতীয় দলের জন্য খেলোয়াড় নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেকনো ইন্ডিয়া গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সত্যম রায়চৌধুরী, হ্যান্ডবল অ্যাসোসিয়েশন ইন্ডিয়ার সেক্রেটারি জেনারেল আনন্দেশ্বর পান্ডে, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত, চুঁচুড়া পৌরসভার চেয়ারম্যান সৌমিত্র ঘোষ এবং চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী। অনুষ্ঠানে বক্তারা চুঁচুড়ায় জাতীয় স্তরের প্রতিযোগিতা আয়োজনকে এলাকার ক্রীড়া উন্নয়নের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলে অভিহিত করেন। টেকনো ইন্ডিয়া গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সত্যম রায়চৌধুরী উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, “আজ আমি অত্যন্ত আনন্দিত যে, আমার জন্মভূমি চুঁচুড়ায় এমন একটি জাতীয় স্তরের প্রতিযোগিতা আয়োজন করতে পেরেছি। এটি এখানে আরও বড় ক্রীড়া ইভেন্টের সূচনা হবে’ এইচএআই-এর সেক্রেটারি জেনারেল আনন্দেশ্বর পান্ডে বলেন, ‘এমন সুন্দর জায়গায় গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা আয়োজন করতে পেরে আমরা গর্বিত।’ চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেন, ‘এখানে এমন বিশাল  স্পোর্টস ইউনিভার্সিটি গড়ে ওঠা সত্যিই গর্বের বিষয়। এই প্রতিযোগিতা সেই যাত্রার শুরু।’

চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী এবং সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্তও আয়োজনকে প্রশংসা করেন।

প্রতিযোগিতায় অংশ নিচ্ছে দেশের ৩৪টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল, সার্ভিসেস এবং এইচএআই  ক্যাম্প অফিস। এতে রয়েছে অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, আসাম, বিহার, পশ্চিমবঙ্গ, চণ্ডীগড়, ছত্তিশগড়, দমন ও দিউ, দিল্লি, গোয়া, গুজরাট, হরিয়ানা, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, ঝাড়খণ্ড, কর্ণাটক, কেরালা, লাদাখ, লক্ষদ্বীপ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, মণিপুর, নাগাল্যান্ড, ওড়িশা, পুদুচেরি, পাঞ্জাব, রাজস্থান, সিকিম, তামিলনাড়ু, তেলেঙ্গানা, উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড এবং রেলওয়ে। উদ্বোধনী অনুষ্ঠানের শেষে ক্রীড়াপ্রেমীরা চুঁচুড়ার কোর্টে দেশের সেরা খেলোয়াড়দের লড়াই দেখার জন্য উদ্দীপ্ত হয়েছেন। আগামী কয়েক দিন জোরকদমে চলবে জাতীয় হ্যান্ডবল প্রতিযোগিতা, যা বাংলার ক্রীড়াঙ্গনে একটি নতুন অধ্যায় যোগ করবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!