- এই মুহূর্তে বি। দে । শ
- ফেব্রুয়ারি ২৮, ২০২৫
ফের ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। শিলিগুড়ি বিহারেও কম্পন অনুভূত
আবার ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। শুক্রবার ভোরে নেপালের হিমালয় অঞ্চল জুড়ে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.১। ভারতের বিহারের পাটনা, মুজাফফরপুর এবং বিহারের কাছাকাছি এলাকাতেও কম্পন অনুভূত হয়। এখনও পর্যন্ত ভূমিকম্পের ফলে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, নেপালের সিন্ধুপালচক জেলার ভৈরব কুণ্ডের আশেপাশে ভোর ২.৩৫ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস ভূমিকম্পের মাত্রা ৫.৬ পরিমাপ করেছে। যেখানে ভারতের জাতীয় ভূমিকম্প কেন্দ্র জানিয়েছে রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৫। তবে একাধিক ভূমিকম্প হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।
৬.১ মাত্রার ভূমিকম্পকে শক্তিশালী বলে মনে করা হয়। এই মাত্রায় কম্পন হলে উল্লেখযোগ্য ক্ষতি হতে পারে। বিশেষ করে ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছাকাছি ভবনে ফাটল তৈরির সম্ভাবনা থাকে। যদিও ভূমিকম্পের তীব্রতা এখনও নিশ্চিত করা যায়নি এবং এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। নেপাল প্রশাসনের তরফে সংবাদ সংস্থা রয়টার্সকেবলা হয়েছে, ‘এই ভূমিকম্প আমাদের ঘুম থেকে প্রচণ্ডভাবে নাড়িয়ে দিয়েছে। আমরা দ্রুত ঘর থেকে বেরিয়ে আসি। এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি বা আহত হওয়ার খবর পাইনি।’
পাটনায় ভূমিকম্পের কারণে ভবন এবং সিলিং ফ্যান কাঁপতে দেখা যাচ্ছে এমন ভিডিও অনলাইনে শেয়ার করেছেন অনেকেই। একজন এক্স–হ্যান্ডেলে লিখেছেন, ‘বিহারের পাটনায় একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। ৩৫ সেকেন্ড এই ভূমিকম্প স্থায়ী হয়েছিল। সবকিছু কাঁপছিল। কিন্তু এখনও পর্যন্ত কোনও ক্ষতি হয়নি।’ এই বছরের জানুয়ারিতে তিব্বতের হিমালয় অঞ্চলে ছয়টি ভূমিকম্প আঘাত হানে। যার মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল ৭.১ মাত্রার, যাতে ১২৫ জনেরও বেশি মানুষ প্রাণ হারায়।
❤ Support Us







