- প্রচ্ছদ রচনা বি। দে । শ
- জুলাই ৩০, ২০২৫
কামচাটকা উপদ্বীপের কাছে শক্তিশালী ভূমিকম্প, জেগে উঠলো আগ্নেয়গিরি । রাশিয়া, জাপানে উত্তাল সমুদ্র, বিপদ সংকেত জারি
বুধবার ভোরে রাশিয়ার সুদূর পূর্ব কামচাটকা উপদ্বীপে সমুদ্রতলে এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৮.৮। সমুদ্রতলে এই শক্তিশালী ভূমিকম্পের ফেলে সুনামির সৃষ্টি হয়েছে। স্থানীয় এলাকা ও জাপানের পূর্ব উপকূলের বেশিরভাগ অঞ্চল থেকে মানুষজন সরিয়ে নেওয়া হয়েছে। জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং বেশ কয়েকটি দ্বীপরাষ্ট্রসহ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সুনামির সতর্কতা জারি করা হয়েছে।
এই ভূমিকম্পের ফলে রাশিয়ায় বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও বড় ধরনের দূর্ঘটনার খবর পাওয়া যায়নি। আহত ও হতাহতেরও কোনও খবর নেই। সমুদ্রতলে এই শক্তিশালী ভূমিকম্পের ফলে সুনামির সৃষ্টি হয়েছে। সমু্দ্রের ঢেউ ১৩ মিটার উচ্চতা পর্যন্ত উঠে যায়। সংবাদসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জ এবং জাপানের বৃহৎ উত্তরাঞ্চলীয় দ্বীপ হোক্কাইডোর উপকূলীয় অঞ্চলে এই সুনামি আঘাত হেনেছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে যে, ভূমিকম্পটি সমুদ্রতল থেকে ১৯.৩ কিমি গভীরে হয়েছিল। যার কেন্দ্রস্থল ছিল আভাচা উপসাগরের তীরে অবস্থিত প্রায় ১৬৫০০০ জনসংখ্যার উপকূলীয় পেট্রোপাভলভস্ক–কামচাটকা শহর থেকে ১৩৬ কিমি পূর্বে, প্রশান্ত মহাসাগরের তলদেশে। ভূমিকম্পের পরপরই কামচাটস্কি অঞ্চলের কিছু অংশে ৩ থেকে ৪ মিটার উঁচু সুনামির ঢেউ দেখা গেছে। প্রশাসনের পক্ষ থেকে এলাকার মানুষজনকে দ্রুত সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। মার্কিন যুক্তরাষ্ট্রও সুনামি সতর্কতা জারি করেছে। রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূল এবং উত্তর–পশ্চিম হাওয়াই দ্বীপপুঞ্জের কিছু অংশে ১০ ফুটেরও বেশি উচ্চতার ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

জাপানের আবহাওয়া সংস্থাও সুনামি সতর্কতা জারি করেছে। সতর্কবার্তায় বলা হয়েছে, ‘জাপানের হোক্কাইডোর উত্তরাঞ্চলে তিন মিটারের বেশি উচ্চতার সুনামি আঘাত হানতে পারে। ধীরে ধীরে তা দক্ষিণে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।’ প্রশান্ত মহাসাগরীয় দেশগুলিতেও সতর্কতা জারি করা হয়েছে। ফিলিপাইন, পালাউ, মার্শাল দ্বীপপুঞ্জ, চুক এবং কোসরাইয়ের উপকূলীয় অঞ্চলে ১ থেকে ৩.৩ ফুট উচ্চতায় সুনামির ঢেউ আছড়ে পড়তে পারে বলে মার্কিন সুনামি সতর্কতা সংস্থা জানিয়েছে। দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া এবং তাইওয়ানেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এই দেশগুলির উপকূলে প্রায় ১ ফুট উচ্চতার ছোট সুনামির ঢেউ আসার সম্ভাবনা রয়েছে।
বুধবারের ভূমিকম্পটি জুলাইয়ের শুরুতে কামচাটকার কাছে সমুদ্রে পাঁচটি শক্তিশালী ভূমিকম্প রেকর্ড করার কয়েক সপ্তাহ পরেই ঘটেছিল। যার মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ছিল ৭.৪ মাত্রার। এই ভূমিকম্পটি পেট্রোপাভলভস্ক-কামচাটস্কির ১৪৪ কিমি পূর্বে ২০ কিলোমিটার গভীরে আঘাত হানে। কামচাটকা, প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ারের অংশ, বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ অঞ্চলগুলির মধ্যে অন্যতম। ১৯৫২ সালের ৪ নভেম্বর একটা শক্তিশালী ভূমিকম্প এই অঞ্চলে আঘাত হানে। যার কম্পনমাত্রা ছিল ৯.০। এই ঊমিকম্পের ফলে হাওয়াইতে ৩০ ফুট উঁচু ঢেউ তৈরি হয়। যদিও সেই সময়ে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি।
❤ Support Us






