Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • সেপ্টেম্বর ১২, ২০২৫

কর্মক্ষেত্রে প্রবাসী ভারতীয় নাগরিকের শিরচ্ছেদ, গ্রেফতার এক

আরম্ভ ওয়েব ডেস্ক
কর্মক্ষেত্রে প্রবাসী ভারতীয় নাগরিকের শিরচ্ছেদ, গ্রেফতার এক

ওয়াশিং মেশিন নিয়ে তর্কের জেরে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রাণ হারাতে হল এক ভারতীয় নাগরিককে। ৫০ বছর বয়সী চন্দ্র নাগামাল্লাইকে শিরচ্ছেদ করে হত্যা করা হয়েছে। শিরচ্ছেদ করার পর কাটা মুণ্ডুতে লাথি মেরে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ডালাস শহরে। ডালাসের এক মোটেল ম্যানেজারের কাজ করতেন কর্ণাটকের বাসিন্দা চন্দ্র নাগামাল্লাইয়া। তিনি ৩৭ বছর বয়সী ইয়োর্ডানিস কোবোস–মার্টিনেজ নামে এক কর্মচারীকে ভাঙা ওয়াশিং মেশিন ব্যবহার করতে নিষেধ করেছিলেন। নাগামাল্লাইয়া অন্য কর্মচারীকে সরাসরি না বলে তাঁকে নির্দেশ দেওয়ায় কোবোস–মার্টিনেজ বিরক্ত হন। এরপর তিনি একটা চাপাতি বার করে নাগামাল্লাইয়াকে বারবার আঘাত করে।

প্রাণ বাঁচানোর জন্য নাগামাল্লাইয়া পার্কিং লট দিয়ে সামনের অফিসের দিকে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু অভিযুক্তরা তাঁকে ধাওয়া করে। নাগামাল্লাইয়ার স্ত্রী এবং ১৮ বছর বয়সী ছেলে সামনের অফিস থেকে বেরিয়ে এসে কোবোস–মার্টিনেজকে থামানোর চেষ্টা করেন। কিন্তু কোবোস–মার্টিনেজ তাঁদের ধাক্কা দিয়ে ফেলে দেন। এরপর নাগামাল্লাইয়ার দেহ থেকে মাথা আলাদা করে ফেলে এবং মাথায় লাথি মারে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, কোবোস–মার্টিনেজ কাটা মুণ্ডুটি তুলে ডাস্টবিনের দিকে নিয়ে যাচ্ছেন। রক্তে ভেজা অবস্থায় চাপাতি নিয়ে ডাস্টবিন এলাকা থেকে বেরিয়ে যাওয়ার সময় তাকে গ্রেফতার করে পুলিশ। খবর পেয়েই ঘটনাস্থলে দ্রুত ছুটে এসেছিল ডালাস পুলিশ।

নাগামাল্লাইয়ার মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ভারতীয় দূতাবাস। এক্স–এ পোস্ট করা এক বিবৃতিতে বলেছে, ‘‌নাগামাল্লাইয়াকে তার কর্মক্ষেত্রে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমরা পরিবারের সঙ্গে যোগাযোগ করছি এবং সব ধরণের সাহায্য করছি। অভিযুক্ত ব্যক্তি ডালাস পুলিশের হেফাজতে রয়েছে। আমরা বিষয়টির দিকে গভীর নজর রাখছি।’‌ অভিযুক্ত কোবোস–মার্টিনেজের আগেও নানারকম অভিযোগ রয়েছে। এর আগে হিউস্টনে গাড়ি চুরি এবং হামলার জন্য গ্রেফতার হয়েছিল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!