Advertisement
  • ভা | ই | রা | ল
  • জুন ৪, ২০২২

প্রশান্ত মহাসাগরের বুকেই সন্তানের জন্ম দিলেন মা

আরম্ভ ওয়েব ডেস্ক
প্রশান্ত মহাসাগরের বুকেই সন্তানের জন্ম দিলেন মা

নিকারাগুয়ার বাসিন্দা জোসি পেওকার্ট প্রশান্ত মহাসাগরের বুকে তাঁর সন্তানের জন্ম দিলেন। সম্প্রতি সন্তানজন্মের সেই বৃত্তান্ত সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন জোসি ও তাঁর স্বামী বেনি কর্নেলিয়াস। নিকারাগুয়াক উপকূলবর্তী এলাকা প্লায়া মাজাগুয়ালে ঘটেছে এই ঘটনা।

কোনও রকম মেডিক্যাল সহায়তা ছাড়াই সুস্থ সন্তানের জন্ম দিয়েছেন ৩৮ বছরের জোসি। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় যাকে বলে ‘ফ্রি বার্থ’। এ নিয়ে চতুর্থ বার মা হলেন জোসি। তিনি প্রথম থেকেই চতুর্থ সন্তানের জন্ম দিতে চেয়েছিলেন খোলা আকাশের নিচে, সমুদ্রে বুকে। তাই সময় থাকতেই চলে এসেছিলেন প্রশান্ত সাগর সংলগ্ন ওই এলাকাটিতে। প্রতিবেশীর কাছে রেখে এসেছিলেন অন্য তিন সন্তানকে। আসার সময় প্রসবের সমস্ত সরঞ্জাম সঙ্গে করেই এনেছিলেন বছর বিয়াল্লিশের বেনি। তোয়ালে থেকে শুরু করে গজ সব কিছুই প্রস্তুত রেখেছিলেন । গোটা প্রক্রিয়াটাতেই জোসিকে পদে পদে সাহায্য করে গিয়েছেন বেনি।

একরত্তি সন্তানের ইতিমধ্যে নামও ঠিক করে ফেলেছেন দম্পতি। জন্মের কিছুক্ষণ পরেই ছোট্ট বোধিকে নিয়ে বাড়ি ফেরেন তাঁরা । হঠাৎ কেন এমন ছকভাঙা সিদ্ধান্ত? জোসি জানালেন, প্রথম তিন সন্তানের জন্ম দেওয়ার সময় হাসপাতালের অভিজ্ঞতা তাঁর মোটেই ভাল ছিল না। চতুর্থ সন্তানের জন্মটা তাই চিন্তামুক্ত ভাবেই দিতে চেয়েছিলেন তাঁরা। জোসির কথায়, ‘মেয়েরা পারে না এমন কাজ নেই।’

আপাতত তাঁদের বাড়ি জুড়ে উৎসবের আমেজ। বোধিকে দেখতে জোসিদের বাড়িতে ভিড় জমাচ্ছেন পাড়া-প্রতিবেশী, আত্মীয়স্বজনেরা। নেটদুনিয়া ঘিরেও ছোট্ট বোধিকে দেখার ভিড়। হবে নাই বা কেন? সে তো আর শুধু জোসি-বেনির সন্তান নয়। যেভাবে তাঁকে জন্মের সময় আগলে রেখেছিল অত বড় সমুদ্র, তাতে তাঁকে প্রকৃতির শিশু বললেও যে খুব ভুল হবেনা।


❤ Support Us
error: Content is protected !!