- এই মুহূর্তে বি। দে । শ
- জুন ১৯, ২০২৬
টাইমস স্কোয়্যারে ফের গুলি, আহত এক। ফুটবল বিশ্বকাপের মরশুমে দর্শকদের নিরাপত্তা ঘিরে উঠছে প্রশ্ন
বিশ্বের অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় পর্যটনকেন্দ্র টাইমস স্কোয়্যার। দিনভর সেখানে দেশ-বিদেশের পর্যটকদের ভিড় লেগেই থাকে, সে চত্বর ফের কেঁপে উঠল গুলির শব্দে। মুহূর্তের মধ্যে উৎসবের আবহ বদলে গেল আতঙ্কে। প্রাণ বাঁচাতে যে যেদিকে পারলেন ছুটতে শুরু করলেন। কেউ আশ্রয় নিলেন দোকানের ভিতরে, কেউ বা রাস্তাতেই নীচু হয়ে বসে পড়লেন। পরপর দুটি গুলি হামলার ঘটনায় নতুন করে প্রশ্নের মুখে নিউ ইয়র্কের নিরাপত্তা ব্যবস্থা।
স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল প্রায় ৩টা ৪০ মিনিট নাগাদ ৪৪তম স্ট্রিট এবং ব্রডওয়ের সংযোগস্থলের কাছে গুলি চালানোর ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, পরপর কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। ঘটনার সময় টাইমস স্কোয়্যার ছিল উপচে পড়া ভিড়ে ঠাসা। চলতি ফিফা বিশ্বকাপ উপলক্ষে এমনিতেই শহরে ভিড় জমিয়েছেন বহু ফুটবলপ্রেমী।
পাশাপাশি ‘এনবিএ’ চ্যাম্পিয়ন ‘নিউ ইয়র্ক নিক্স’কে সংবর্ধনা জানাতে লোয়ার ম্যানহাটনে আয়োজিত বিজয় মিছিল ঘিরে ছিল উদ্যাপনের মেজাজ। নিরাপত্তার স্বার্থে প্রায় ১০ হাজার পুলিশকর্মী মোতায়েন করা হয়েছিল। কিন্তু এত কড়া নিরাপত্তাবলয়ের মধ্যেও গুলির ঘটনায় কার্যত আতঙ্ক ছড়িয়ে পড়ে উপস্থিত মানুষের মধ্যে।
নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি) জানিয়েছে, গুলির ঘটনার পরপরই ঘটনাস্থলে থাকা পুলিশকর্মীরা দ্রুত পদক্ষেপ করেন। সন্দেহভাজনদের ধাওয়া করে একজনকে আটক করা হয়েছে। গুলির ঘটনাস্থল থেকে মাত্র কয়েক মিটার দূরে একটি পুলিশি টহলগাড়ি দাঁড়িয়ে থাকায় অভিযুক্তকে দ্রুত হেফাজতে নেওয়া সম্ভব হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিউ ইয়র্ক দমকল বাহিনীর তরফে জানানো হয়েছে, ঘটনায় অন্তত এক জন আহত হয়েছেন। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে আহতের পরিচয় বা তাঁর আঘাতের মাত্রা সম্পর্কে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ঘটনার নেপথ্যে কী কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে তদন্তকারীরা।
পুলিশের প্রাথমিক অনুমান, কয়েক জনের মধ্যে বচসা থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তার পরেই গুলি চালানো হয়। যদিও ঘটনায় জড়িত অন্য কোনো ব্যক্তি এখনো পলাতক কি না, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানায়নি পুলিশ। এদিকে, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে ধরা পড়েছে আতঙ্কের সে মুহূর্ত। ভিডিওতে দেখা গিয়েছে, ঘটনার কয়েক সেকেন্ড আগেও টাইমস স্কোয়্যারের চেনা ছন্দ অটুট ছিল। কেউ ক্যাফেতে বসে আড্ডা দিচ্ছেন, কেউ হাঁটছেন, আবার একদল কিশোর ফুটবল নিয়ে খেলায় মেতে রয়েছে। আচমকাই ভেসে আসে গুলির শব্দ। মুহূর্তের মধ্যে চারদিকে ছুটতে শুরু করেন মানুষ। আরও একটি ভিডিও দেখা গিয়েছে, কালো পোশাক পরা কয়েক জনকে ভিড়ের মধ্যে থেকে দ্রুত সরে যেতে। পুলিশ সূত্রের খবর, সন্দেহভাজনরা পালানোর চেষ্টা করলে ঘটনাস্থলে মোতায়েন পুলিশকর্মীরা তাদের পিছু নেন।
গত কয়েক দিনের মধ্যে টাইমস স্কোয়্যারে এটি দ্বিতীয় গুলির ঘটনা। গত শনিবারও নিউ ইয়র্ক নিক্সের ‘এনবিএ’ শিরোপা জয় উদ্যাপন ঘিরে একই এলাকায় উত্তেজনা ছড়িয়েছিল। সে সময়ও আচমকাই গুলির শব্দে উৎসবের আবহ নিমেষে আতঙ্কে পরিণত হয়। নিউ ইয়র্ক পুলিশ জানিয়েছে, ওই ঘটনায় এক ১৭ বছর বয়সি কিশোর গুলিবিদ্ধ হয়েছিল। অভিযোগ, শুধু গুলিই নয়, ধারালো অস্ত্র নিয়েও হামলা চালানো হয়েছিল। মঙ্গলবার ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ করে নিউ ইয়র্ক পুলিশ। ঘটনার পর গোটা এলাকায় ব্যাপক বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। একাধিক পুলিশি গাড়ি, স্কুলবাস এবং ব্যক্তিগত যানবাহনে ভাঙচুর চালানো হয়। সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগও ওঠে। বিক্ষুব্ধ জনতার হামলায় আহত হন অন্তত ১০ জন পুলিশকর্মী। অগ্নিসংযোগ, ভাঙচুর, পুলিশের উপর হামলার অভিযোগে মোট ৬৩ জনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিত টাইমস স্কোয়্যারে অল্প সময়ের ব্যবধানে পরপর দুই গুলির ঘটনায় উদ্বেগ বাড়ছে প্রশাসনের অন্দরে। চলতি বিশ্বকাপের আবহে এবং পর্যটকদের বাড়তি ভিড়ের সময়ে এমন ঘটনা নিউ ইয়র্কের নিরাপত্তা ব্যবস্থাকে নতুন করে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। কেন বারবার একই এলাকায় এমন হিংসার ঘটনা ঘটছে, তার উত্তর খুঁজতে তদন্তে নেমেছে নিউ ইয়র্ক পুলিশ।
❤ Support Us







