- দে । শ
- জুন ১৯, ২০২৬
তৃণমূল ছাড়লেন জ্যোতিপ্রিয়
আবারও ভাঙন, এবার ‘কালীঘাট তৃণমূল’ ছাড়লেন আরও এক প্রাক্তন মন্ত্রী। তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্য়োতিপ্রিয় মল্লিক। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ইস্তফা দিয়েছেন জ্যোতিপ্রিয়। জানিয়েছেন, শরীর খারাপ, দলীয় দায়িত্ব পালন করা তাঁর পক্ষে সম্ভব নয়। প্রাক্তন খাদ্যমন্ত্রী দলনেত্রীকে চিঠিতে জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা খুবই খারাপ। তাই তাঁকে যে দলীয় দায়িত্ব দেওয়া হয়েছে, তা পালন করা তাঁর পক্ষে সম্ভব নয়। তাঁর বক্তব্য, দীর্ঘ সময় যাবৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন। তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। কিন্তু এখন তাঁর শারীরিক অবস্থা এতটাই খারাপ, তাই এখন আর তাঁর পক্ষে তৃণমূল কংগ্রেসের কোনও দায়িত্বপালন সম্ভব নয়। তিনি বাড়ি থেকে বেরোতেও পারছেন না। সুগার লেভেলও হাই। তাই ‘পদ আঁকড়ে’ থাকতে চান না তিনি। তিনি জানান, ‘ কতদিন বাঁচব জানি না, ‘পদ আঁকড়ে’ থাকব না ‘।
২০২৩ সালের ২৭ অক্টোবর রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ‘দুর্নীতির গঙ্গাসাগর’ থেকে শুরু করে ‘রিংমাস্টার’ – বাছাই করা এমনই সব শব্দবন্ধ ব্যবহার করে তাঁর বিরুদ্ধে সওয়াল করেছিল ইডি। এরপরে ২০২৫-এর ১৫ জানুয়ারি ইডি -র বিশেষ আদালত জামিন দেয় জ্য়োতিপ্রিয় মল্লিককে। তারপরও তাঁর উপরেই ভরসা রাখেন দলনেত্রী। কারণ, তৃণমূল কংগ্রেস গঠন হওয়ার বহু আগে থেকেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ বলেই পরিচিত। ২০২৬ এর নির্বাচনে হাবড়া থেকে জ্যোতিপ্রিয়ই ছিলেন তৃণমূল প্রার্থী। তাঁর মাথায় দুর্নীতির অভিযোগ থাকার সত্ত্বেও প্রচারসভায় মঞ্চে দাঁড়িয়ে ‘বালুকে’ প্রশংসায় ভরান মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ‘জেনে রাখুন আমার সরকারে বালু যত ভাল কাজ করেছে, এ কেউ করতে পারেনি’। সেই বালু আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের কঠিন সময়ে তাঁর হাত ছাড়লেন।
❤ Support Us




