Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুন ১৯, ২০২৬

পিএসি চেয়ারম্যান পদে ফিরহাদ ? তৃণমূলের অন্দরে নতুন সমীকরণ ঘিরে জোর জল্পনা

আরম্ভ ওয়েব ডেস্ক
পিএসি চেয়ারম্যান পদে ফিরহাদ ? তৃণমূলের অন্দরে নতুন সমীকরণ ঘিরে জোর জল্পনা

রাজ্য বিধানসভার অন্যতম গুরুত্বপূর্ণ কমিটি পাবলিক অ্যাকাউন্টস কমিটি (পিএসি)-র চেয়ারম্যান কে হবেন, তা নিয়ে রাজনৈতিক মহলে দীর্ঘদিন ধরেই জোর আলোচনা চলছে। সংসদীয় রীতি অনুযায়ী এই পদ সাধারণত বিরোধী শিবিরের কোনও বিধায়ককে দেওয়া হয়। তবে অতীতের অভিজ্ঞতা বলছে, বিশেষ রাজনৈতিক কৌশলে এই পদে এমন ব্যক্তিকেই বসানো হয়েছে, যিনি বিরোধী দলের অস্বস্তির কারণ হয়ে উঠতে পারেন।
সেই প্রেক্ষাপটেই এবার নতুন করে জল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, ফিরহাদ হাকিমকে পিএসি চেয়ারম্যান করার পরিকল্পনা হতে পারে। এই জল্পনার পেছনে রয়েছে সাম্প্রতিক কিছু রাজনৈতিক ঘটনা এবং তৃণমূলের অভ্যন্তরীণ সমীকরণে পরিবর্তনের ইঙ্গিত।
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক শক্তি ও ঐক্যে ভাঙন দেখা দিয়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত একাধিক নেতা এখন তাঁর থেকে দূরত্ব বজায় রাখছেন বলেও দাবি উঠেছে। এমন পরিস্থিতিতে পরিষদীয় দলের উপর দলের নিয়ন্ত্রণও আগের মতো নেই বলে মনে করা হচ্ছে।
এদিকে, দলের ২৮ জন সাংসদের মধ্যে ২০ জন এনসিপিআই নামে একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে এনডিএ-কে সমর্থন জানিয়েছেন বলে খবর। একইসঙ্গে কলকাতা পুরসভার মেয়র পদ থেকেও ইস্তফা দিয়েছেন ফিরহাদ হাকিম। ফলে তাঁর রাজনৈতিক অবস্থান নিয়েও জোর চর্চা শুরু হয়েছে।
রাজ্যপালের ভাষণের দিন বিধানসভায় ফিরহাদ হাকিমের আসনবিন্যাসও নতুন করে জল্পনা উসকে দেয়। দেখা যায়, তাঁর আসন নির্ধারিত হয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও জাভেদ খানের পাশে। রাজনৈতিক মহলের একাংশের ব্যাখ্যা, এটি তৃণমূলের অভ্যন্তরে নতুন গোষ্ঠীগত সমীকরণের ইঙ্গিত হতে পারে। এরপরই শোনা যাচ্ছে, ফিরহাদকেই পিএসি চেয়ারম্যান করার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে।

কী এই পাবলিক অ্যাকাউন্টস কমিটি (পিএসি) ?

পাবলিক অ্যাকাউন্টস কমিটি বা পিএসি হল বিধানসভার একটি গুরুত্বপূর্ণ কমিটি, যার কাজ রাজ্য সরকারের আয়-ব্যয় ও আর্থিক লেনদেনের উপর নজরদারি করা। সরকারি খরচে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করাই এই কমিটির প্রধান উদ্দেশ্য। সংসদীয় প্রথা অনুযায়ী সাধারণত বিরোধী দলের কোনও সদস্যকে এই কমিটির চেয়ারম্যান করা হয়।
অতীতেও এই পদ নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে পিএসি চেয়ারম্যান করা হয়েছিল প্রয়াত মুকুল রায় এবং আলিপুরদুয়ারের প্রাক্তন বিধায়ক সুমন কাঞ্জিলালকে। যদিও তাঁরা বিজেপির প্রতীকে নির্বাচিত হয়েছিলেন, পরে তাঁদের রাজনৈতিক অবস্থান নিয়ে বিতর্ক তৈরি হয়। সেই সময় বিজেপি অভিযোগ তুললেও তৎকালীন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বারবার দাবি করেছিলেন যে সংসদীয় রীতি মেনেই চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে।
সেই নজির সামনে রেখেই এবার ফিরহাদ হাকিমকে পিএসি চেয়ারম্যান করার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা চলছে। তবে মুকুল রায় বা সুমন কাঞ্জিলালের পরিস্থিতির সঙ্গে ফিরহাদের অবস্থান পুরোপুরি মেলে না। কারণ, বিজেপির সঙ্গে তাঁর যোগাযোগ নিয়ে নানা গুঞ্জন শোনা গেলেও তিনি এখনও আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসের সদস্য হিসেবেই রয়েছেন।
ফলে শেষ পর্যন্ত পিএসি চেয়ারম্যান পদে কাকে বেছে নেওয়া হবে, তা নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল ও জল্পনা ক্রমশ বাড়ছে।


  • Tags:
❤ Support Us
Advertisement
error: Content is protected !!