- এই মুহূর্তে দে । শ
- জুলাই ২৯, ২০২৬
‘কলঙ্কমুক্ত’ প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, কয়লা ব্লক বরাদ্দ মামলা খারিজ শীর্ষ আদালতের
‘সমকালীন সংবাদমাধ্যম ও বিরোধীদের থেকে ইতিহাস আমার প্রতি অনেক বেশি সহৃদয় হবে।’ প্রধানমন্ত্রী থাকাকালীন শেষ সাংবাদিক সম্মেলনে এ মন্তব্য করেছিলেন প্রয়াত প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং। সময়ের সঙ্গে সঙ্গে তাঁর সেই বক্তব্য নতুন করে আলোচনায় উঠে আসছে। কমনওয়েলথ গেমস ও ২জি স্পেকট্রাম বিতর্কের পর এবার বহু আলোচিত কয়লা ব্লক বরাদ্দ (কোলগেট) মামলাতেও তাঁর বিরুদ্ধে থাকা অভিযোগ কার্যত খারিজ হয়ে গেল। মৃত্যুর দু-বছর পর এই মামলায় তাঁকে কার্যত ‘কলঙ্কমুক্ত’ করল সুপ্রিম কোর্ট।
২০১২ সালে ‘ইউপিএ-২’ সরকারের শেষ পর্বে কয়লা ব্লক বরাদ্দে অনিয়মের অভিযোগ সামনে আসে। বিশেষ করে ওড়িশার তালাবিরা কয়লাখনি বরাদ্দকে কেন্দ্র করে বিতর্ক তীব্র হয়। অভিযোগ ওঠে, নিয়ম ভেঙে বেসরকারি সংস্থাগুলিকে কয়লা ব্লক বরাদ্দ করা হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর একাধিক কয়লা ব্লকের বরাদ্দ বাতিল করা হয় এবং তৎকালীন ‘ইউপিএ’ সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হয় বিরোধীরা। সে সময় তৎকালীন কয়লামন্ত্রী, সরকারের একাধিক আমলা এবং প্রধানমন্ত্রীর দফতরের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। কারণ, নির্দিষ্ট সময়ে মনমোহন সিং নিজেই কয়লা মন্ত্রকের দায়িত্ব সামলাচ্ছিলেন। ফলে অভিযোগের তির সরাসরি তাঁর দিকেও যায়। নিম্ন আদালত তাঁকে এই মামলায় অভিযুক্ত হিসেবে তলবও করেছিল।
তবে তদন্তের সময় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই) জানায়, মনমোহন সিংকে অভিযুক্ত করার মতো পর্যাপ্ত বা গ্রহণযোগ্য প্রমাণ তাদের হাতে নেই। দীর্ঘ তদন্তের পর সিবিআই আদালতে ‘ক্লোজার রিপোর্ট’ জমা দেয় এবং সেখানে প্রাক্তন প্রধানমন্ত্রীকে অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়নি। অবশেষে সেই ‘ক্লোজার রিপোর্ট’ গ্রহণ করল সুপ্রিম কোর্ট। দেশের প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ জানিয়েছে, সিবিআইয়ের ‘ক্লোজার রিপোর্ট’ খারিজ করার মতো কোনো শক্তিশালী বা বিশ্বাসযোগ্য প্রমাণ আদালতের সামনে নেই। পাশাপাশি আদালত পর্যবেক্ষণ করে, এ মামলার নিষ্পত্তি অনেক আগেই নিম্ন আদালতে হওয়া উচিত ছিল। মনমোহন সিং ২০২৪ সালেই প্রয়াত হয়েছেন। ফলে তাঁর বিরুদ্ধে ফৌজদারি কার্যক্রম চালিয়ে যাওয়ার আর কোনো বাস্তব তাৎপর্যও নেই। সুপ্রিম কোর্টের এ সিদ্ধান্তের ফলে বহু বছর ধরে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নামের সঙ্গে জড়িয়ে থাকা কয়লা ব্লক বরাদ্দ মামলার অধ্যায় কার্যত শেষ হলো। জীবদ্দশায় দুর্নীতির অভিযোগের মধ্যে এ মামলাই ছিল তাঁর বিরুদ্ধে সবচেয়ে বড়ো বিতর্ক।
❤ Support Us







