- মা | ঠে-ম | য় | দা | নে
- আগস্ট ২১, ২০২৬
ইংল্যান্ডকে আটকে, হকি বিশ্বকাপের শেষ আটে ভারতীয় মহিলা দল
পুরুষদের মতোই মহিলাদেরও একই পরিস্থিতি। পুল ডি–র শেষ ম্যাচে ড্র করলেই দ্বিতীয় রাউন্ডে খেলার ছাড়পত্র। হরমনপ্রীত সিংরা পাকিস্তানকে উড়িয়ে দিলেও সেলিমা টেটেরা ইংল্যান্ডের বিরুদ্ধে জয় ছিনিয়ে আনতে পারলেন না। তাতেও অবশ্য শেষ আটে পৌঁছতে অসুবিধা হয়নি সেলিমা টেটেদের। ইংল্যান্ডের সঙ্গে গোলশূন্য ড্র করে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে মহিলাদের হকি বিশ্বকাপের শেষ আটে ভারত।
অপরাজিত থাকার তকমা নিয়েই ইংল্যান্ডের বিরুদ্ধে শুরু করেছিল ভারত। দুই দলই গোল করার অসংখ্য সুযোগ তৈরি করেছিল। কিন্তু শেষ বাঁশি বাজার আগে পর্যন্ত কোনো দলই গোল করতে পারেনি। ভারতীয় মহিলা দল ১২টি পেনাল্টি কর্নার আদায় করেও একটাও কাজে লাগাতে পারেনি। তবে শেষ মুহূর্তে আশঙ্কা তৈরি হয়েছিল। ম্যাচের শেষ বাঁশি বাজার ৩০ সেকেন্ড আগে গোলকিপার বিচ্ছু দেবী বাঁদিকে ঝাঁপিয়ে পড়ে একটা নিশ্চিত গোল বাঁচিয়ে ভারতকে পরবর্তী রাউন্ডে তুলে দেন।
প্রথম ম্যাচেই অলিম্পিকে রুপোজয়ী ও বিশ্ব র্যাঙ্কিংয়ে চার নম্বরে থাকা চিনের সঙ্গে ২–২ গোলে ড্র করে টুর্নামেন্ট শুরু করে ভারত। পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৬–১ ব্যবধানে উড়িয়ে দিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারতীয় মহিলা দল। প্রথম কোয়ার্টারে দুর্দান্ত খেলে গোল করার কয়েকটি সুযোগও তৈরি করেছিল। তবে কাজে লাগাতে পারেনি। প্রথমার্ধে ভারতীয় দল আক্রমণাত্মক খেললেও ইংল্যান্ডের গোলকিপারের দঢ়তায় গোল পায়নি।
তৃতীয় ও চতুর্থ কোয়ার্টারে ইংল্যান্ড অবশ্য আক্রমণাত্মক ছিল। তৃতীয় কোয়ার্টারে ভারতের চেয়ে ইংল্যান্ডের আধিপত্য ছিল বেশি। পরপর বেশ কয়েকটা পেনাল্টি কর্নার আদায় করে নেয়। চতুর্থ কোয়ার্টারেও আক্রমণাত্মকভাবে খেলে ইংল্যান্ড। কিন্তু ভারতীয় খেলোয়াড়রা অবিচল থেকে কোনো গোল হতে দেননি। ভারতের সঙ্গে ড্র করে বিশ্বকাপ থেকে বিদায় ইংল্যান্ডের। পরের রাউন্ডে হল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো কঠিন প্রতিপক্ষর সঙ্গে খেলতে হবে ভারতকে।
❤ Support Us








