Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • নভেম্বর ১০, ২০২৬

মুখ্যমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের জের, সাসপেন্ড পুলিশকর্মী, আইসির বিরুদ্ধেও শাস্তিমূলক পদক্ষেপ

মুখ্যমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের জের, সাসপেন্ড পুলিশকর্মী, আইসির বিরুদ্ধেও শাস্তিমূলক পদক্ষেপ

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে হোয়াট্‌সঅ্যাপ গ্রুপে ‘আপত্তিকর’ মন্তব্য করার অভিযোগে এক পুলিশকর্মীকে সাসপেন্ড করল রাজ্য পুলিশ। শুধু তাই নয়, নিলম্বিত থাকার সময়ে ওই পুলিশকর্মীর অর্ধেক বেতন কেটে নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। পুলিশ কমিশনার অজয় নন্দের জারি করা ৬৭৮ নম্বর নির্দেশিকায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। সরকারি কর্মী হয়ে সমাজমাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের উদ্দেশে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে তাঁর বিরুদ্ধে তদন্তও শুরু করবে রাজ্য।
ঘটনার সূত্রপাত রবিবার দুপুরে। ১৯৯৯ সালে পুলিশে যোগ দেওয়া কর্মীদের একটি হোয়াট্‌সঅ্যাপ গ্রুপে বাজি পোড়ানো নিয়ে আলোচনা চলছিল। সেই আলোচনার মাঝেই এক পুলিশকর্মী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ। ওই পোস্টকে কেন্দ্র করে গ্রুপে শুরু হয় তীব্র বিতর্ক। পরিস্থিতি বুঝে কিছুক্ষণ পরেই সংশ্লিষ্ট পুলিশকর্মী নিজের মন্তব্যটি মুছে ফেলেন এবং ক্ষমাও চেয়ে নেন। কিন্তু ততক্ষণে ওই মন্তব্যের স্ক্রিনশট সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর পরেই সোমবার সকালে তাঁর বিরুদ্ধে সাসপেনশনের নির্দেশ জারি করা হয়।
সরকার বদলের পর থেকেই সরকারি কর্মচারীদের প্রকাশ্যে মতপ্রকাশ এবং সমাজমাধ্যমে সক্রিয়তা নিয়ে রাজ্যের অবস্থান কঠোর হয়েছে। চলতি বছরের ২০ মে নবান্নের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়। সেখানে অল ইন্ডিয়া সার্ভিস, পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস, পশ্চিমবঙ্গ পুলিশ সার্ভিস-সহ রাজ্যের অধীনস্থ বিভিন্ন স্তরের সরকারি কর্মচারীদের সংবাদমাধ্যমে তথ্য আদানপ্রদান, লেখালিখি এবং যে কোনও ধরনের মিডিয়া কার্যকলাপে অংশগ্রহণের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়।
পরদিন, অর্থাৎ ২১ মে ওই নির্দেশিকা সংশোধন করে স্পষ্ট করা হয় যে, এই বিধিনিষেধ শুধুমাত্র রাজ্য সরকারের নিয়মিত (রেগুলার) দফতরগুলির আধিকারিক ও কর্মচারীদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। পুলিশকর্মীরা রাজ্য সরকারের নিয়মিত দফতরের কর্মচারী হওয়ায় তাঁদের ক্ষেত্রেও সমাজমাধ্যমে মতপ্রকাশের বিষয়ে সরকারি বিধিনিষেধ কার্যকর রয়েছে।
তবে মুখ্যমন্ত্রীকে নিয়ে পুলিশকর্মীদের আপত্তিকর মন্তব্যের অভিযোগ এই প্রথম নয়। বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে অপমানজনক মন্তব্য করার অভিযোগ উঠেছিল ডিএসপি পদমর্যাদার দুই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে। ঘটনার সূত্রপাত ২০২৫ সালে, যখন রাজ্যে ক্ষমতায় ছিল তৃণমূল সরকার। সেই সময় বিজেপির একটি মিছিল এবং শুভেন্দু অধিকারীকে কেন্দ্র করে পুলিশের একটি হোয়াট্‌সঅ্যাপ গ্রুপে আপত্তিকর মন্তব্য করেছিলেন এক পুলিশকর্তা। অন্য এক আধিকারিক সেই মন্তব্যকে সমর্থন করেছিলেন বলে অভিযোগ।
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর চলতি বছরের জুলাই মাসে বিষয়টি নতুন করে আলোচনায় আসে। ওই দুই পুলিশ আধিকারিকের কথোপকথনের স্ক্রিনশট পৌঁছে যায় লালবাজারে। এরপরই তাঁদের দু’জনকে সাসপেন্ড করা হয়।
পরপর এই ঘটনাগুলির জেরে সরকারি কর্মচারীদের ব্যক্তিগত মতপ্রকাশ, সমাজমাধ্যমের ব্যবহার এবং সরকারি চাকরির আচরণবিধি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

  • Tags:
❤ Support Us
error: Content is protected !!