- এই মুহূর্তে দে । শ
- নভেম্বর ২৭, ২০২৩
কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চিতদের বাড়িতে অভিষেকের চিঠি, সঙ্গে অর্থ সাহায্য
১০০ দিনের কাজের টাকা না পেয়ে যে সব বঞ্চিতরা তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ১০০ দিনের কাজের বকেয়া টাকা আদায়ের জন্য দিল্লি গিয়েছিলেন, তাদের চিঠি লিখে তার সঙ্গে অর্থ সাহায্য পাঠাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেকের এই কাজের সমালোচনা করে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, “এখন আর কাউকে ডেকে পাচ্ছে না তৃণমূল। তাই টাকা দিয়ে, বিরিয়ানি দিয়ে, এক দিনের মজুরি দিয়ে সভা সমিতিতে আনতে চাইছে তৃণমূল।” এদিকে অভিষেকের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “অভিষেক কথা দিয়ে কথা রাখেন, তাই তিনি বলেছিলেন, দিল্লির অসহযোগিতায় ১০০ দিনের কাজ করে যারা মজুরি পাননি, সেই টাকা আদায়ের জন্য অভিষেকের সঙ্গে যারা দিল্লি গিয়েছিলেন, তাদের অভিষেক অর্থ সাহায্য দেবেন, সেটা করে অভিষেক প্রতিশ্রুতি পূরণ করছেন।”
প্রসঙ্গত মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি নেতাজি ইনডোর স্টেডিয়ামের মেগা বৈঠক থেকে ঘোষণা করেছেন, আগামী ২ ডিসেম্বর রাজ্যের সব ব্লকে কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে ও ১০০ দিনের কাজের টাকা আদায়ের দাবিতে প্রতিবাদ সভা করতে। এর পর ডিসেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে, দিল্লিতে যখন সংসদ চলবে, তখন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছ থেকে সময় চেয়ে দিল্লি যাবেন। সময় যদি প্রধানমন্ত্রী না দেন, তাহলে তিনি দলের সব সাংসদদের নিয়ে দিল্লির রাজপথে বসে আন্দোলন করবেন। মমতার এই ঘোষণার পর ১০০ দিনের কাজের টাকা আদায়ের ব্লকে ব্লকে মিছিলের আগেই অভিষেক তাঁর সঙ্গে ওই বকেয়া আদায়ে যে বঞ্চিতরা দিল্লি গিয়েছিলেন, তাদের চিঠি লিখে টাকা পাঠানো শুরু করলেন।
এই ঘটনায় সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, “আমি তো শুনেছি, কেন্দ্রের কাছে রাজ্যের এই কারণে কয়েক হাজার কোটি টাকা পাওনা। অভিষেক কত টাকা বেতন পান যে নিজে সেই টাকা দেবেন? না কি এ ভাবে কালো টাকা সাদা হচ্ছে?”
❤ Support Us







