Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • মে ৩, ২০২৫

‌গাজায় মানবিক ত্রাণ বহনকারী জাহাজে মাল্টার আন্তর্জাতিক জলসীমায় ড্রোন হামলা ইজরায়েলের

আরম্ভ ওয়েব ডেস্ক
‌গাজায় মানবিক ত্রাণ বহনকারী জাহাজে মাল্টার আন্তর্জাতিক জলসীমায় ড্রোন হামলা ইজরায়েলের

গাজায় মানবিক ত্রাণ ও কর্মী বহনকারী জাহাজে ড্রোন হামলা চালাল ইজরায়েল। ফিলিস্তিনি ভূখণ্ডের দিকে যাওয়ার সময় মাল্টার আন্তর্জাতিক জলসীমায় ড্রোনের সাহায্যে বোমা হামলা চালিয়ে বিকল করে দেওয়া হয়েছে ওই ত্রাণবহনকারী জাহাজটিকে। এমনই জানিয়েছে মানবিক সহায়তা আয়োজনকারী সংগঠন ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন।
শুক্রবার ভোরে জাহাজের জেনারেটর লক্ষ্য করে ড্রোনের সাহায্যে বোমা হামলা চালানো হয়েছিল। যার ফলে জাহাজটি বিদ্যুৎবিহীন হয়ে পড়ে এবং ডুবে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। ওই জাহাজের কাছাকাছিই ছিল মাল্টা সরকারের ট্যাগ বোট। সেই ট্যাগ বোট দ্রুত আক্রান্ত হওয়া জাহাজের কাছে ছুটে যায় ও জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে জাহাজে ভয়াবহ আগুন এবং দুটি বিস্ফোরণ দেখা গেছে।
ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‌মাল্টার স্থানীয় সময় ০০:২৩ মিনিটে আন্তর্জাতিক জলসীমায় ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের জাহাজ কনসায়েন্স সরাসরি আক্রমণের শিকার হয়। সশস্ত্র ড্রোনগুলি জাহাজের সামনের দিকে দুবার আক্রমণ করেছিল। যার ফলে আগুন লেগে যায় এবং জাহাজের ভেতরে বড় ধরনের ফাটল দেখা দেয়।’‌ বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘‌২১টি দেশের কর্মীরা গাজায় ইজরায়েলের অবৈধ ও মারাত্মক অবরোধকে চ্যালেঞ্জ করার এবং অত্যন্ত প্রয়োজনীয়, জীবন রক্ষাকারী সহায়তা প্রদানের লক্ষ্যে জাহাজে করে ত্রাণ নিয়ে ফিলিস্তিনে যাচ্ছিলেন।’‌ সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ‘‌ইজরায়েলি রাষ্ট্রদূতদের তলব করে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য জবাব দিতে হবে। যার মধ্যে রয়েছে আন্তর্জাতিক জলসীমায় চলমান অবরোধ এবং আমাদের বেসামরিক জাহাজে বোমা হামলা।’‌ ইরায়েল এই অভিযোগের বিষয়ে কোনও মন্তব্য করেনি।
কনসায়েন্স নামে জাহাজটি ত্রাণ নিয়ে মঙ্গলবার তিউনিসিয়ার বিজার্তে বন্দর ছেড়ে যায় এবং বৃহস্পতিবার সকালে আক্রমণ স্থলে পৌঁছয়। জাহাজটি মাল্টার কাছে এমন একটি স্থানে যাচ্ছিল যেখানে জলবায়ু পরিবর্তন প্রচারক গ্রেটা থানবার্গসহ কর্মীদের একটা ছোট জাহাজ থেকে তুলে নেওয়ার কথা ছিল। জাহাজে ১২ জন নাবিক ও ৪ জন বেসামরিক নাগরিক ছিলেন।
তুরস্ক সরকার জাহাজে বোমা হামলার তীব্র নিন্দা করেছে। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘‌ঘটনার সময় তুর্কি নাগরিকরা কনসায়েন্সে ছিলেন। আমরা এই বেসামরিক জাহাজের উপর হামলার তীব্র নিন্দা জানাই। অভিযোগ রয়েছে যে জাহাজটি ইজরায়েলি ড্রোন দ্বারা আক্রান্ত হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব হামলার বিস্তারিত তথ্য প্রকাশ এবং অপরাধীদের বিচারের আওতায় আনার জন্য প্রয়োজনীয় সকল প্রচেষ্টা করা হবে।’‌ এর আগে ২০১০ সালেও তুরস্ক থেকে ত্রাণ নিয়ে গাজার উদ্দেশে যাত্রা করেছিলেন ফ্রিডম ফ্লোটিলার কর্মীরা। মাভি মারমারা নামের ওই জাহাজে হামলা চালিয়েছিল ইজরায়েলি সেনারা। সেই হামলায় ১০ জন নিহত এবং ২৮ জন আহত হন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!