- মা | ঠে-ম | য় | দা | নে
- মার্চ ২, ২০২৬
জীবনের শেষ একদিনের ম্যাচে ব্যাটে ঝড়, দুরন্ত সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন অ্যালিসা হিলি
হোবার্টে জীবনের শেষ একদিনের ম্যাচ খেলতে নেমেছিলেন অ্যালিসা হিলি। দুর্দান্ত সেঞ্চুরি করে একদিনের আন্তর্জাতিক কেরিয়ার শেষ করলেন অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দলের এই অধিনায়ক। হোবার্টের বেলেরিভ ওভালে ভারতের বিরুদ্ধে তৃতীয় তথা শেষ একদিনের ম্যাচে ব্যাটে ঝড় তুলে ৯৮ বলে ১৫৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন হিলি। ভারতকে ১৮৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ৩–০ ব্যবধানে একদিনের সিরিজ জিতে নিল অস্ট্রেলিয়া। অসিদের কাছে একদিনের বিশ্বকাপ জেতার পর লজ্জার হার ভারতের।
সিরিজের শেষ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ম্যাচের শুরুতে অ্যালিসা হিলি যখন ব্যাট করতে নামেন, তখন ভারতীয় ক্রিকেটাররা ‘গার্ড অফ অনার’ দেন। এরপর ক্রিজে নেমে রীতিমতো ঝড় তোলেন। মাত্র ৭৯ বলে সেঞ্চুরিতে পৌঁছে যান। এটা তাঁর অষ্টম একদিনের সেঞ্চুরি। ভারতের বিরুদ্ধে তৃতীয়। শেষ পর্যম্ত ৯৮ বলে ১৫৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। তাঁর এই ইনিংসে রয়েছে ২৭টি চার এবং ২টি ছক্কা। দক্ষিণ আফ্রিকার জোহামারি লগটেনবার্গের পর অ্যালিসা হিলি দ্বিতীয় মহিলা ক্রিকেটার, যিনি নিজের শেষ একদিনের ম্যাচে সেঞ্চুরি করলেন।
অ্যালিসা হিলির আন্তর্জাতিক কেরিয়ার শুরু হয় ২০১০ সালে। তিনি ১২৬টি একদিনের ম্যাচে ৩৭.০২ গড়ে ৩৭৭৭ রান করেছেন। যার মধ্যে ৮টি সেঞ্চুরি এবং ১৯টি হাফ সেঞ্চুরি রয়েছে। অ্যালিসা হিলি টি২০ আন্তর্জাতিক ক্রিকেট থেকেও অবসর নিয়েছেন। এই ফর্ম্যাটে তিনি ১৬২টি ম্যাচে ১৭টি হাফ সেঞ্চুরি এবং ১টি সেঞ্চুরিসহ ৩০৫৪ রান করেছেন।
প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৪০৯ রান তোলে। অ্যালিসা হিলি ছাড়াও বেথ মুনিও দুর্দান্ত ইনিংস খেলেন। ৮৪ বলে ১০টি চার এবং ১টি ছক্কার সাহায্যে ১০৬ রান করে অপরাজিত থাকেন। জর্জিয়া ভল করেন ৫২, নিকোলা ক্যারি ১৫ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন। জবাবে ব্যাট করতে নেমে ভারত ৪৫.১ ওভারে ২২৪ রানে গুটিয়ে যায়। ভারতের হয়ে সর্বোচ্চ রান করেন স্নেহ রানা (৪৪)। জেমাইমা রডরিগেজ করেন ৪২। প্রতিকা রাওয়াল (২৭), দীপ্তি শর্মারা (২৯) বড় রান পাননি। অধিনায়ক হরমনপ্রীত কাউর করেন ২৫। স্মৃতি মানধানা (০) চূড়ান্ত ব্যর্থ। অস্ট্রেলিয়ার অ্যালানা কিং ৩৩ রানে ৪ উইকেট নেন।
❤ Support Us








