- এই মুহূর্তে দে । শ
- জুলাই ১৮, ২০২৬
শিলিগুড়ি করিডরে কড়া নজর! সীমান্ত নিরাপত্তা থেকে আইন-শৃঙ্খলা, উত্তরকন্যায় ম্যারাথন বৈঠকে অমিত শাহ
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘শিলিগুড়ি করিডর’ বা ‘চিকেনস নেক’-কে কেন্দ্র করে শুরু হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তিন দিনের পশ্চিমবঙ্গ সফর। শুক্রবার রাত ৯টা নাগাদ তিনি বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন। সেখানে তাঁকে স্বাগত জানান রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর তিনি শিলিগুড়ির কদমতলায় বিএসএফ ক্যাম্পে রাত কাটান। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরকে ঘিরে উত্তরবঙ্গ, বিশেষ করে শিলিগুড়ি করিডর ও সংলগ্ন সীমান্ত এলাকায় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বাগডোগরা বিমানবন্দর থেকে উত্তরকন্যা পর্যন্ত গোটা রুট সেজে উঠেছে। পাশাপাশি উত্তরকন্যার ভবনের প্রচলিত নীল-সাদা রঙের পরিবর্তে হলুদ রঙে সাজানো হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাতে।
শনিবার সকাল সাড়ে ১১টা নাগাদ ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন ফুলবাড়ির জুমাগছ এলাকায় বিএসএফের ১৮ নম্বর ব্যাটালিয়নের চৌকিতে পৌঁছবেন অমিত শাহ। সেখানে সীমান্ত পরিস্থিতি পরিদর্শনের পাশাপাশি বিএসএফের ‘প্রহরী সম্মেলন’-এ অংশ নেবেন তিনি। কর্মসূচির মধ্যে রয়েছে সীমান্ত এলাকায় বৃক্ষরোপণ, একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন এবং সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের সঙ্গে মতবিনিময়। বিশেষ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডরের নিরাপত্তা আরও জোরদার করার বিষয়টি নিয়ে বিএসএফ কর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করবেন তিনি।
এদিন দুপুর ২টো নাগাদ অমিত শাহ পৌঁছবেন উত্তরকন্যায়। এই প্রথম তিনি উত্তরবঙ্গের প্রশাসনিক সদর দফতরে পা রাখছেন। সেখানে সন্ধ্যা ৬টা পর্যন্ত একাধিক উচ্চপর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকের আলোচ্যসূচিতে রয়েছে শিলিগুড়ি করিডরের নিরাপত্তা, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধ, কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয় বৃদ্ধি, নতুন তিনটি ফৌজদারি আইন কার্যকর করার অগ্রগতি এবং জন্ম-মৃত্যু নিবন্ধন সংক্রান্ত বিভিন্ন বিষয়ের পর্যালোচনা। দিনের কর্মসূচি শেষ করে শনিবার রাত সাড়ে ৮টা নাগাদ শিলিগুড়ি থেকে কলকাতার উদ্দেশে রওনা দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
রবিবার কলকাতার আলিপুরে ‘সৌজন্য’ গেস্ট হাউসে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করবেন শাহ। সূত্রের খবর, ওই বৈঠকে সীমান্ত নিরাপত্তা, অপরাধ দমন, নতুন ফৌজদারি আইনগুলির বাস্তবায়ন এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখা হবে। উল্লেখ্য, গত ৬ জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে কলকাতা সফরে এসে একাধিক কর্মসূচিতে অংশ নিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেই সফরে তিনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) ও সীমান্ত সুরক্ষা নিয়ে কেন্দ্রের অবস্থানও স্পষ্ট করেন।
এদিকে, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার শুক্রবার শিলিগুড়িতে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক প্রসঙ্গে বলেন, ‘উত্তরবঙ্গ-সহ সীমান্ত এলাকায় দীর্ঘদিন রাজ্যের অসহযোগিতার কারণে সীমান্তে বেড়া নির্মাণের কাজ সম্পূর্ণ করা সম্ভব হয়নি। তবে পালাবদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জমি হস্তান্তর করেছেন। ফলে সীমান্ত সুরক্ষা আরও শক্তিশালী করার কাজ দ্রুত এগোচ্ছে।’ সীমান্ত নিরাপত্তা, প্রশাসনিক সমন্বয়, আইন-শৃঙ্খলা এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুকে সামনে রেখেই অমিত শাহের এই তিন দিনের পশ্চিমবঙ্গ সফরকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক ও প্রশাসনিক মহল।
❤ Support Us








