- এই মুহূর্তে বি। দে । শ
- ডিসেম্বর ২৫, ২০২৫
ঢাকায় বিস্ফোরণ, নিহত ১ যুবক। পদত্যাগ ইউনূস উপদেষ্টার । বাংলাদেশে পৌঁছোলেন বিএনপি নেতা তারেক
আগামী বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশের সাধারণ নির্বাচন কতটা শান্তিপূর্ণ হবে, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠে গেছে। সংশয় আরও দানা বাঁধছে বাংলাদেশে একের পর এক হিংসাত্মক ঘটনায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ বাংলাদেশে পৌঁছেছেন । তার আগের দিন রাতেই ঢাকায় বোমা বিস্ফোরণ। নিহত হলেন এক যুবক। অনেকের মত, দেশকে সন্ত্রস্ত্র রাখতেই এই বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে। এদিকে, ওসমান হাদির মৃত্যুর পরিপ্রেক্ষিতে পদত্যাগ করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রক) খোদাবক্স চৌধুরী।
বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বাংলাদেশের স্থানীয় সময় রাত পৌনে আটটার দিকে। নিউ ইস্কাটনের মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রধান ফটকের সামনে ফ্লাইওভারের ওপর থেকে একটা বোমা ছোড়া হয়। ফ্লাইওভারের নিচে একটা চায়ের দোকানে সেই সময় চা খেতে গিয়েছিলেন সিয়াম মজুমদার নামে এক যুবক। বোমা গিয়ে সরাসরি তাঁর শরীরে আঘাত করে। ঘটনাস্থলেই সিয়ামের মৃত্যু হয়।
বিস্ফোরণের খবর পেয়েই সঙ্গে সঙ্গে ছুটে আসে পুলিশ। কিন্তু ততক্ষণে আততায়ীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। কী কারণে সিয়ামের উওপর বোমা নিক্ষেপ করা হয়েছে, সে ব্যাপারে এখনও নিশ্চিত নয় পুলিশ। বাংলাদেশ পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম সংবাদ মাধ্যমকে জানান, ‘রাত পৌনে আটটা নাগাদ নিউ ইস্কাটনের মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সামনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই সিয়াম নামে এক যুবকের মৃত্যু হয়। কী কারণে তাঁর ওপর বোমা ছড়া হয়েছিল এ ব্যাপারে পুলিশ এখনও নিশ্চিত নয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।’
ঘটনার প্রত্যক্ষদর্শী চায়ের দোকানদার বলেন, ‘সিয়াম আমার কাছে যা চেয়েছিল। আমি চা তৈরি করছিলাম। সেই সময় হঠাৎ করেই বিস্ফোরণের শব্দ। এরপর দেখি ছেলেটা মাটিতে পড়ে রয়েছে। ওর মাথা থেকে রক্ত বার হচ্ছে। কিছু করার আগেই ছেলেটা মারা যায়।’ নিহত সিয়ামের বয়স ১৯ বছর। যেখানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তার উল্টো দিকের একটা মোটর পার্টসের দোকানে কাজ করতেন। ঢাকার মগ বাজার মোড় থেকে সামান্য দূরেই এই চায়ের দোকানটা। এই এলাকায় বেশ কয়েকটা চায়ের দোকান রয়েছে এছাড়াও রয়েছে স্কুল। সন্ধ্যার দিকে অনেক বিশিষ্ট ব্যক্তিরা ওই চত্বরে আড্ডা দিতে যান। এরকম বিশিষ্ট কাউকে লক্ষ্য করা হয়েছিল কিনা, এই ব্যাপারে পুলিশ এখনও নিশ্চিত হতে পারিনি।
বাংলাদেশের নিহত যুবনেতা ওসমান হাদির খুনিরা গ্রেফতার না হওয়ায় শনিবারই ইউনূস সরকারের দুই গুরুত্বপূর্ণ নেতার পদত্যাগের দাবি জানিয়েছিল ইনকিলাব মঞ্চ। অবশেষে পদত্যাগ করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রক) খোদাবক্স চৌধুরী। বুধবার রাতে তিনি রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দেন। রাষ্ট্রপতি খোদাবক্সের ইস্তফাপত্র গ্রহণও করেছেন।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন। অন্তর্বর্তী সরকার গঠনের সময় তিন জনকে বিশেষ সহকারী হিসাবে নিয়োগ করেছিলেন ইউনূস। তাঁদের মধ্যে অন্যতম ছিলেন খোদাবক্স চৌধুরী। স্বরাষ্ট্র মন্ত্রকের বিশেষ সহকারীর দায়িত্বে ছিলেন। একসময় তিনি বাংলাদেশ পুলিশের আইজি–র দায়িত্ব পালন করেছিলেন। কী কারণে তিনি পদত্যাগ করেছেন, তা অবশ্য জানানো হয়নি।
❤ Support Us







