- এই মুহূর্তে দে । শ
- আগস্ট ১৩, ২০২৬
১০ হাজারের বেশি মাসিক আয় হলে নয় অন্নপূর্ণার টাকা, একাধিক শর্তে মিলবে ৩ হাজার ভাতা
অন্নপূর্ণা যোজনায় কারা সুবিধা পাবেন, আর কারা বাদ পড়বেন— তা নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ মাপকাঠি নির্ধারণ করল রাজ্য সরকার। বুধবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে আগামী ১৭ আগস্ট থেকে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকতে শুরু করবে। তবে প্রকল্পের সুবিধা পেতে বেশ কিছু শর্ত পূরণ করতে হবে।
বিজেপির নির্বাচনী সংকল্পপত্র অনুযায়ী, ২৫ থেকে ৬০ বছর বয়সি যোগ্য মহিলাদের মাসে ৩,০০০ করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। রাজ্যে বিজেপি সরকার গঠনের পর সে প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই জুন মাসে প্রায় ২৮ লক্ষ মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন। জুলাই মাসে উপভোক্তার সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় ১ কোটি ১৯ লক্ষ। চলতি মাসে এ সংখ্যা আরও বাড়বে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
কারা পাবেন না অন্নপূর্ণার টাকা?
সরকারের নির্ধারিত মাপকাঠি অনুযায়ী—
- কোনো মহিলারমাসিক আয় ১০ হাজারের বেশি হলে তিনি অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন না।
- পরিবারেরবার্ষিক আয় ১২ লক্ষের বেশি হলে মিলবে না এই ভাতা।
- কোনও মহিলা যদি অন্য কোনোসরকারি সামাজিক প্রকল্পের সুবিধা পান, সেক্ষেত্রেও অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ থাকবে। তবে কিছু ক্ষেত্রে ছাড়ও রাখা হয়েছে।
দিব্যাঙ্গ ভাতা ও পিএম-কিষান-এ বিশেষ ছাড়
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যাঁরা ‘দিব্যাঙ্গ ভাতা’ পান অথবা পিএম-কিষান যোজনার আওতায় রয়েছেন, তাঁরা অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার যোগ্য হতে পারেন। অর্থাৎ, অন্য কোনো সরকারি সুবিধা পাওয়াই সব ক্ষেত্রে অন্নপূর্ণার টাকা পাওয়ার পথে বাধা হবে না। যাঁরা অন্য কোনো সরকারি ভাতা পান, কিন্তু সে ভাতার পরিমাণ ৩,০০০-এর তুলনায় কম, তাঁরাও নির্ধারিত শর্ত পূরণ করলে অন্নপূর্ণা যোজনার ভাতা পাবেন।
গ্রামীণ মহিলাদের ক্ষেত্রে বিশেষ ছাড়
গ্রামীণ এলাকার মহিলাদের অন্নপূর্ণা যোজনার আওতায় আরও বেশি সংখ্যায় আনার জন্য বাড়ির ঘরের সংখ্যার ক্ষেত্রেও নিয়ম শিথিল করা হয়েছে। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, তিনটির বেশি ঘর থাকলেও গ্রামীণ এলাকার যোগ্য মহিলারা অন্নপূর্ণা যোজনার টাকা পেতে পারেন। এছাড়াও জমির পরিমাণ ৫০ ডেসিমেলের বেশি হলেও গ্রামীণ এলাকার মহিলারা নির্ধারিত অন্যান্য যোগ্যতা পূরণ করলে এই প্রকল্পের সুবিধা পাবেন।
বিধবাদের জন্যও রয়েছে অন্নপূর্ণা
২৫ থেকে ৬০ বছর বয়সি বিধবারাও অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন। তবে তাঁদেরও প্রকল্পের নির্ধারিত যোগ্যতার শর্ত পূরণ করতে হবে এবং একই সঙ্গে অন্য কোনো সামাজিক প্রকল্পের সুবিধা নেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, অন্নপূর্ণা যোজনার তালিকায় যাতে অযোগ্য ব্যক্তিরা ঢুকে না পড়েন, সে কারণে কড়াভাবে যাচাই-বাছাই করা হচ্ছে। একই সঙ্গে যোগ্য মহিলারা যাতে কোনোভাবেই বাদ না পড়েন, সেদিকেও নজর রাখা হচ্ছে।
মুখ্যমন্ত্রীর দাবি, ২৫ থেকে ৬০ বছর বয়সি যোগ্য মহিলাদের অন্নপূর্ণার টাকা পাওয়া নিয়ে চিন্তার কোনও কারণ নেই। অর্থ দফতর জেলা ধরে ধরে টাকা ট্রান্সফার করবে। যাঁদের ভেরিফিকেশন সম্পূর্ণ হয়ে গিয়েছে, তাঁদের অ্যাকাউন্টে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে অন্নপূর্ণা যোজনার টাকা পৌঁছে যাবে। আগামী ১৭ আগস্ট থেকে যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হওয়ার কথা। ফলে চলতি মাসে অন্নপূর্ণা যোজনার আওতায় উপভোক্তার সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
❤ Support Us







