- Uncategorized এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- এপ্রিল ১৯, ২০২৩
২০তম ওভারে অর্জুনের লক্ষ্যভেদ। হায়দরাবাদকে ১৪ রানে হারাল মুম্বই
শেষ ওভারে অর্জুন তেন্ডুলকারের হাতে রোহিত শর্মা বল তুলে দিতেই ডাগ আউট ছেড়ে ড্রেসিংরুমে শচীন তেন্ডুলকার। পুত্র যদি ডাগ আউটে তাঁকে দেখে চাপে পড়ে যায়? গুরুত্বপূর্ণ শেষ ওভারে বোলিং করার দায়িত্ব পেয়েও চাপে পড়েননি অর্জুন। মাত্র ৪ রান দিয়ে তুলে নেন ১ উইকেট। জীবনের প্রথম আইপিএল উইকেট। সানরাইজার্স হায়দরাবাদকে ১৪ রানে হারিয়ে ধারাবাহিকতা ধরে রাখল মুম্বই ইন্ডিয়ান্সের। প্রথমে ব্যাট করে মুম্বই ইন্ডিয়ান্স ১৯২/৫। জবাবে ১৯.৫ ওভারে ১৭৮ রানে গুটিয়ে যায় হায়দরাবাদের ইনিংস।
টস জিতে মুম্বই ইন্ডিয়ান্সকে প্রথমে ব্যাট করতে পাঠান সানরাইজার্স অধিনায়ক এইডেন মার্করাম। ভাল শুরু করেছিলেন মুম্বইয়ের দুই ওপেনার রোহিত শর্মা ও ঈশান কিষান। রোহিতের ব্যাটে বড় রানের ইঙ্গিত ছিল। তবে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি। ১৮ বলে ২৮ রান করে নটরাজনের বলে মার্করামের হাতে ক্যাচ দিয়ে আউট হন রোহিত। রোহিত আউট হওয়ার পর ঈশান কিষান ও ক্যামেরন গ্রিন মুম্বইকে এগিয়ে নিয়ে যান। ৩১ বলে ৩৮ রান করে জানসেনের বলে আউট হন ঈশান। সূর্যকুমার যাবব (৭) এদিন আবার ব্যর্থ।
ক্যামেরন গ্রিনের সঙ্গে জুটি গড়ে দলের রানকে এগিয়ে নিয়ে যান তিলক। দুজনের জুটিতে ওঠে ৫৬ রান। ১৭ বলে ৩৭ রান করে ভুবনেশ্বর কুমারের বলে আউট হন তিলক। তবে শেষ বল পর্যন্ত অপরাজিত থেকে মুম্বইয়ের রানকে এগিয়ে নিয়ে যান ক্যামেরন গ্রিন। ৪০ বলে ৬৪ রান করে তিনি অপরাজিত থেকেন। ১১ বলে ১৬ রান করে আউট হন টিম ডেভিড। শেষ পর্যন্ত ১৯২/৫ তোলে মুম্বই। হায়দরাবাদের হয়ে ২টি উইকেট নেন জানসেন। ১টি করে উইকেট নেন নটরাজন, ভুবনেশ্বর।
জয়ের জন্য ১৯৩ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় সানরাইজার্স হায়দরাবাদ। দ্বিতীয় ওভারে আউট হন আগের ম্যাচে সেঞ্চুরি করা হ্যারি ব্রুক (৯)। রাহুল ত্রিপাঠিও (৭) ব্যর্থ। এরপর সানরাইজার্সকে টেনে নিয়ে যান মায়াঙ্ক আগরওয়াল ও এইডেন মার্করাম। ১৭ বলে ২২ রান করে আউট হন মার্করাম। অভিষেক শর্মাও (১) ব্যর্থ। ৭২ রানে ৪ উইকেট হারায় হায়দরাবাদ। ক্লাসেন (১৬ বলে ৩৬) আক্রমণাত্মক ব্যাটিং করে চাপ কাটানোর চেষ্টা করেন। কিন্তু মায়াঙ্ক আগরওয়াল (৪১ বলে ৪৮), মার্কো জানসেনরা (১৩) পরপর ফিরে যাওয়ায় জয়ের স্বপ্ন শেষ হয়ে যায় হায়দরাবাদের। ১৯.৫ ওভারে ১৭৮ রানে গুটিয়ে যায়। ২টি করে উইকেট নেন বেহেরনডর্ফ ও পীযূশ চাওলা।
❤ Support Us






