- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- জুলাই ৩১, ২০২৪
মহিলাদের বক্সিংকে ৭৫ কেজি বিভাগে পদকের দিকে আরও একধাপ এগোলেন লভলিনা বরগোহাইন
২০২১ টোকিও অলিম্পিকে দেশকে ব্রোঞ্জ এনে দিয়েছিলেন। এবারের অলিম্পিকেও তাঁকে ঘিরে স্বপ্ন দেখছে দেশবাসী। স্বপ্ন তাঁর নিজেরও। ক্রমশ স্বপ্নের দিকে এগোচ্ছেন লভলিনা বরগোহাইন। প্যারিসে মহিলাদের ৭৫ কেজি বিভাগে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন এই ভারতীয় বক্সার। প্রথম ম্যাচে লভলিনার প্রতিপক্ষ ছিলেন নরওয়ের সুনিভা হফস্টাড। এদিন প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি লভলিনা। ৫–০ ব্যবধানে সুনিভাকে উড়িয়ে শেষ আটে পৌঁছে যান। কোয়ার্টার ফাইনালে চীনের লি কিয়ানের বিরুদ্ধে খেলবেন লভলিনা।
লভলিনা পদকের দিকে এগিয়ে গেলেও ভারতের বাকি বক্সাররা হতাশ করেছেন। অলিম্পিকে অভিষেকে দাগ কাটতে পারলেন না জেসমিন ল্যাম্বোরিয়ার। যদিও তাঁর লড়াইটা যথেষ্ট কঠিন ছিল। মহিলাদের ৫৭ কেজি বিভাগে প্রথম রাউন্ডে জেসমিনের প্রতিপক্ষ ছিলে টোকিও অলিম্পিকের রুপোজয়ী ফিলিপিন্সের নেস্তি পেটেসিও। কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জজয়ী জেসমিনকে ৫–০ ব্যবধানে উড়িয়ে দেন ফিলিপিন্সের এই বক্সার।
মহিলেদের ৫৪ কেজি বিভাগেও হতাশ করেছেন প্রীতি। যদিও জেসমিনের মতো আত্মসমর্পন করেননি তিনি। প্রি–কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত লড়াই করে কলম্বিয়ার ইয়েনি আরিয়াস কাস্তানেদার কাছে ৩–২ ব্যবধানে পরাজিত হন। প্রথম রাউন্ডে ভিয়েতনামের টাকা ভো–কে পরাজিত করেছিলেন প্রীতি।
পুরুষদের বিভাগে হতাশ করেছেন বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপোজয়ী ও কমনওয়েলথ গেমসে সোনাজয়ী অমিত পাঙ্গাল। পুরু্যদের ৫১ কেজি বিভাগে দু’বারের আফ্রিকান চ্যাম্পিয়ন জাম্বিয়ার প্যাট্রিক চিনয়েম্বার কাছে ৪–১ ব্যবধানে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছেন। আগের সাক্ষাৎকারে কমনওয়েলথ গেমসের সেমিফাইনালে এই চিনয়েম্বাকে পরাজিত করেছিলেন অমিত পাঙ্গাল।
❤ Support Us






