- মা | ঠে-ম | য় | দা | নে
- জানুয়ারি ১৯, ২০২৪
প্রথম টেস্টে ১০ উইকেটে জয় অস্ট্রেলিয়ার, অভিষেকেই অনন্য কীর্তি শামার জোসেফের
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা ছিল। অস্ট্রেলিয়া ইনিংসে জেতে কিনা, সেটাই ছিল দেখার। ইনিংসে জয় অবশ্য আসেনি। তবে ১০ উইকেটে জিতে সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার ইনিংস জয়ের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন শামার জোসেফ। অভিষেক টেস্টে ৫ উইকেট তুলে নেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও বিশ্বরেকর্ড গড়েছেন এই ক্যারিবিয়ান জোরে বোলার।
ওয়েস্ট ইন্ডিজের ১৮৮ রানের জবাবে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে তোলে ২৮৩। ৯৫ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের ওয়েস্ট ইন্ডিজের রান ছিল ৭৩/৬। জোসুয়া ডি সিলভা (১৮), আলজারি জোসেফ (১৬), কেমার রোচ (অপরাজিত ১১), শামার জোসেফদের (১৫) সৌজন্যে তোলে ১২০। অস্ট্রেলিয়ার জয়ের জন্য প্রয়োজন ছিল ২৬ রান। কোনও উইকেট না হারিয়ে এই রান তুলে নেয় অস্ট্রেলিয়া। শামার জোসেফ দ্বিতীয় ইনিংসে কোনও উইকেট না পেলেও তাঁর বাউন্সারে আহত হয়ে মাঠ ছাড়েন উসমান খোয়াজা।
অভিষেক টেস্টে বল হাতে ৫ উইকেট পাওয়ার পাশাপাশি ব্যাট হাতেও কীর্তি গড়েছেন শামার জোসেফ। ১১ নম্বরে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৩৬ রানে অপরাজিত ছিলেন। দ্বিতীয় ইনিংসে করেন ১৫। দুই ইনিংস মিলিয়ে তাঁর সংগ্রহ ৫১। ১১ নম্বরে ব্যাট করতে নেমে অভিষেককারী কোনও ক্রিকেটারের এটা দ্বিতীয় সর্বোচ্চ রান। সর্বোচ্চ রানের রেকর্ড রয়েছে অস্ট্রেলিয়ার অ্যাস্টন অ্যাগারের। ২০১৩ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে নটিংহামে ৯৮ রান করেছিলেন।
❤ Support Us








