- মা | ঠে-ম | য় | দা | নে
- এপ্রিল ৪, ২০২৩
ডাগ আউটে ঋষভের জার্সি টাঙাতে পারবে না দিল্লি, বোর্ডের নিষেধাঞ্জা
গাড়ি দুর্ঘটনায় আহত হয়ে এবছর আইপিএল থেকে ছিটকে গেছেন দিল্লি ক্যাপিটাল অধিনায়ক ঋষভ পন্থ। টিম ম্যানেজমেন্ট চেয়েছিল যে কোনও উপায়ে ঋষভের উপস্থিতি দলের মধ্যে রাখতে। তাই প্রথম ম্যাচে তাঁর ব্যবহৃত ১৭ নম্বর জার্সি ডাগ আউটে টাঙিয়ে রেখেছিল দিল্লি টিম ম্যানেজমেন্ট। কিন্তু ডাগ আউটে ঋষভের জার্সি টাঙিয়ে রাখার ব্যাপারটা মেনে নিতে পারেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। ডাগ আউটে ঋষভের জার্সি টাঙিয়ে রাখার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে বোর্ড।
ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে দিল্লি ফ্র্যাঞ্চাইজিকে ঋষভের জার্সি ডাগ আউটে টাঙাতে নিষেধ করা হয়েছে। বোর্ডের এক সূত্র থেকে জানা গেছে, সাধারণত কোনও ক্রিকেটার অবসর নিলে কিংবা কেউ মারা গেলে তাঁকে শ্রদ্ধা জানানোর জন্য এই ধরনের সৌজন্য দেখানো হয়। কিন্তু ঋষভের ক্ষেত্রে এই দুটো ঘটনার কোনওটাই ঘটেনি। দুর্ঘটনার কবলে পড়ে এখন সুস্থ হয়ে ওঠার পথে ঋষভ। তাই তাঁর জার্সি ডাগ আউটে টাঙিয়ে রেখে শ্রদ্ধা জানানোর কোনও দরকার নেই।
মঙ্গলবার গুজরাট টাইটান্সের বিরুদ্ধে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচে অবশ্য আর ডাগ আউটে ঋষভের জার্সি টাঙিয়ে রাখার প্রয়োজন নেই। তিনি স্বশরীরেই মাঠে হাজির থাকবেন। তবে ডাগ আউটে হয়তো বসতে পারবেন না। প্রথম ম্যাচে পরাজয়ের পর দলকে উৎসাহ দিতেই মাঠে হাজির থাকবেন বলে দিল্লি টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে।
প্রথম ম্যাচে শোচনীয় পরাজয়ের পর দ্বিতীয় ম্যাচে প্রথম একাদশে কয়েকটা বদল নিয়ে আসতে চলেছে দিল্লি ক্যাপিটালস। সহ অধিনায়ক অক্ষর প্যাটেলকে ব্যাটিং অর্ডারে ওপরের দিকে তুলে নিয়ে আসা হতে পারে। এছাড়া দুই প্রোটিয়া বোলার আনরিখ নোখিয়ে এবং লুঙ্গি এনগিডিকেও পাওয়া যাবে। প্রথম ম্যাচের ব্যর্থতা কাটিয়ে গুজরাট টাইটান্সের বিপক্ষে ঘুরে দাঁড়াতে মরিয়া দিল্লি ক্যাপিটালস।
❤ Support Us







