Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • অক্টোবর ১, ২০২২

সত্যিই কি ফিট হয়ে মাঠে নেমেছিলেন বুমরা?‌ প্রশ্ন উঠতে শুরু করেছে

আরম্ভ ওয়েব ডেস্ক
সত্যিই কি ফিট হয়ে মাঠে নেমেছিলেন বুমরা?‌ প্রশ্ন উঠতে শুরু করেছে

ভারতীয় ক্রিকেটে এখন হট টপিক যশপ্রীত বুমরা। পিঠে চোটের জন্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজ থেকে ছিটকে গেছেন। চলতি মাসের মাঝামাঝি সময় থেকে শুরু হতে চলা টি২০ বিশ্বকাপে কি খেলতে পারবেন?‌ এই নিয়ে জল্পনা তুঙ্গে। কেউ কেউ মনে করছেন বুমরার চোটের যা অবস্থা, বিশ্বকাপে খেলা কঠিন। ভারতীয় ক্রিকেট বোর্ড অবশ্য বুমরাকে নিয়ে আশা ছাড়ছে না। তাঁকে এখনও বিশ্বকাপের পরিকল্পনায় রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই কথাই শোনা গেছে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির মুখে।

বুমরা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজ থেকে ছিটকে গেলেও বিশ্বকাপের ব্যাপারে এখনও কিছু জানায়নি বোর্ড। তাঁর প্রসঙ্গে সৌরভ বলেন, ‘এখনও বিশ্বকাপের বাইরে চলে যায়নি বুমরা। ওকে আমরা পর্যবেক্ষণে রাখছি। ভাল কিছুর অপেক্ষা করছি।’‌ ভারতীয় বোর্ডের পক্ষ থেকে যা ইঙ্গিত পাওয়া গেছে, তাতে শেষ মুহূর্ত পর্যন্ত বুমরার জন্য অপেক্ষা করা হবে। প্রয়োজনে তাঁকে অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়া হবে। কারণ বিশ্বকাপ দলে পরিবর্তনের শেষ তারিখ ১৫ অক্টোবর।

ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছিল, বুমরা অনুশীলনে চোটের কথা জানানোর পর তাঁকে আর প্র্যাকটিস করতে দেওয়া হয়নি। তিনি বোর্ডের মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে রয়েছেন। ত্রিবান্দ্রমে প্রথমে বুমরার চোটের অবস্থা জানতে স্ক্যান করানো হয়। সেখানে তাঁর পিঠে স্ট্রেস সংক্রান্ত চোট রয়েছে বলে চিকিৎসক ও ফিজিওরা নিশ্চিত হন। এরপরই বুমরা চলে গিয়েছেন বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট আকাদেমিতে। পিঠে চোটের কারণেই তিনি এশিয়া কাপে খেলতে পারেননি। সেই চোট সারিয়ে অস্ট্রেলিয়া সিরিজে মাঠে ফিরেছিলেন। প্রথম ম্যাচে না খেললেও পরের দুটি ম্যাচে খেলেন। তারপর ফের চোট পেলেন।

এখন প্রশ্ন উঠছে, কোন চিকিৎসক বুমরাকে ফিট সার্টিফিকেট দিয়েছিলেন। তাঁকে দলে রাখা যেতে পারে, এই কথা জাতীয় নির্বাচকদের কে বলেছিলেন। আর যদি বুমরার ব্যাপারে চিকিৎসকরা ফিট সার্টিফিকেট না দেন, তাহলে কেন তাঁকে দলে রাখা হয়েছিল। সূত্রের খবর, জাতীয় নির্বাচকরা চেয়েছিলেন বিশ্বকাপের আগে বুমরা কয়েকটি ম্যাচ খেলুন। সেটাই কাল হল বুমরার কাছে। আবার চোট পেয়ে বিশ্বকাপ থেকেই ছিটকে যাওয়ার মুখে। পুরো ফিট না হওয়া সত্ত্বেও বুমরাকে কেন খেলানো হল, প্রশ্ন উঠছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!