- দে । শ
- নভেম্বর ২১, ২০২৫
অসমে কাজে গিয়ে মৃত্যু বাংলার নির্মাণকর্মীর, প্রশাসনিক সহায়তার আর্জি পরিবারের
রাজ্য জুড়ে এসআইআর চলছে, বিভিন্ন জায়গায় ভিনদেশিদের অবৈধ বসবাস এবং পুশব্যাকের তথ্য সামনে আসছে । একইভাবে ভিনরাজ্যে কর্মরত বাংলার শ্রমিকদের বাংলা বলার অভিযোগে, তাদের বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টাও হচ্ছে । বৈধ নথিপত্র থাকার পরও বাংলার পরিযায়ী শ্রমিকদের ভিনরাজ্যে হেনস্থার বিরুদ্ধে চলছে রাজনৈতিক ও সামাজিক প্রতিবাদ । এই পরিস্থিতিতে ফের বিজেপি শাসিত অসমে বাংলার শ্রমিকের মৃত্যু ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য ।
অসমে নির্মাণ সংস্থার হয়ে কাজ করতে গিয়ে প্রাণ হারালেন বাংলার পরিযায়ী শ্রমিক । অসমে ব্রীজ তৈরির কাজে গিয়েছিলেন তিনি । সুভাষ মুন্ডার বাড়ি ধূপগুড়িতে, মাগুরমারি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের কালীরহাট বাজার এলাকায় । কালীপুজোর পরেই স্থানীয় কয়কজনের সঙ্গে অসমে কাজে যান তিনি । বুধবার রাতেই সুভাষের মৃত্যুর খবর পৌঁছায় তার পরিবারের কাছে । কিন্তু কীভাবে প্রাণ হারালেন তিনি, তা এখনো স্পষ্ট নয় । সেবিষয়ে তার সহকর্মীরাও কিছু জানাতে পারেননি ।
ধূপগুড়ির বাসনা মুন্ডার কনিষ্ঠতম সন্তান ছিলেন সুভাষ । বাড়িতে রয়েছে তরুণী স্ত্রী এবং দেড় বছরের শিশু কন্যা । দরিদ্র পরিবারের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন পড়শিরাও । রাজ্যের বাইরে গিয়ে বাংলার একাধিক শ্রমিকের পরপর মৃত্যুর নিরপেক্ষ তদন্তের জন্য প্রশাসনিক সহায়তা এবং শ্রম দফতরের কাছে ক্ষতিপূরণের উঠেছে দাবি ।
কাজের খোঁজে দূর রাজ্য গিয়ে, ঠিকাদারদের অবহেলা এবং নিরাপত্তাহীন কাজের পরিবেশের অভিযোগ বহুদিন ধরেই উঠেছে । সাম্প্রতিককালে দেশের বিভিন্নপ্রান্তে প্রাণ হারিয়েছেন বাংলার বহু শ্রমিক । বাংলায় একশো দিনের কাজ বন্ধ, ফলে বাধ্য হয়েই ভিনরাজ্যে কাজের খোঁজে যান বাংলার বহু প্রান্তজন । চলতি বছরের অগস্টেই অসমে কাজ করতে গিয়ে প্রাণ হারিয়েছিলেন চব্বিশ পরগণার কাকদ্বীপের এক শ্রমিক । ২৭ বছরের সোমনাথ জানা । এবার মৃত্যু হলো ২২ বছরের সুভাষের ।
❤ Support Us






