- এই মুহূর্তে দে । শ
- জুলাই ৩১, ২০২৬
ভদ্রেশ্বরে লাইনচ্যুত মালগাড়ির ইঞ্জিন, হাওড়া-বর্ধমান মেন লাইনে ট্রেন চলাচলে ব্যাঘাত
হুগলির ভদ্রেশ্বরে মালগাড়ির একটি ইঞ্জিন লাইনচ্যুত হয়ে যাওয়ায় শুক্রবার সকালে হাওড়া-বর্ধমান মেন লাইনে ট্রেন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ব্যস্ত সময়ে ঘটে যাওয়া এই ঘটনায় চরম দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রীরা।
রেল সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে একটি মালগাড়ি হাওড়া থেকে ব্যান্ডেলের উদ্দেশে রওনা হয়েছিল। সকাল প্রায় ৮টা ১৫ মিনিট নাগাদ ভদ্রেশ্বর স্টেশনের কাছে হঠাৎ মালগাড়ির ইঞ্জিনটি বেলাইন হয়ে যায়। ঘটনার জেরে হাওড়া-বর্ধমান মেন লাইনের আপ এবং রিভার্স লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
শেওড়াফুলি জিআরপি সূত্রে খবর, বর্তমানে শুধুমাত্র ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল করানো হচ্ছে। ফলে একাধিক লোকাল ও দূরপাল্লার ট্রেন নির্ধারিত সময়ের তুলনায় দেরিতে চলছে। সকালের ব্যস্ত সময়ে এই দুর্ঘটনার কারণে বহু যাত্রীকে ভোগান্তির মুখে পড়তে হয়েছে।
রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, বেলাইন হয়ে যাওয়া ইঞ্জিনটিকে পুনরায় লাইনে তোলার কাজ জোরকদমে চলছে। যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করে হাওড়া-বর্ধমান মেন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। এদিকে, ঘটনাটি নিয়ে রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক-এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি।
❤ Support Us








