Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ডিসেম্বর ১০, ২০২৫

সত্যজিৎ এর মৃত্যু ঘিরে রাজনৈতিক আসরে বিজেপি । ভোলার মামলায় নেই সাজাহান যোগ, দাবি সরকারি আইনজীবীর

আরম্ভ ওয়েব ডেস্ক
সত্যজিৎ এর মৃত্যু ঘিরে রাজনৈতিক আসরে বিজেপি । ভোলার মামলায় নেই সাজাহান যোগ, দাবি সরকারি আইনজীবীর

আদালতে আসার পথে বাসন্তী রোডে দুর্ঘটনায় মৃত্যু ঘিরে চাপানউতোর । বাসন্তি রোডের ওপর ট্রাক ও প্রাইভেট গাড়ির মুখোমুখি সঙ্ঘর্ষে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়েছে । বুধবার সকালে সন্দেশখালির বয়ারমারি ও কলুপাড়ার মাঝে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে । সন্দেশখালির সরবেড়িয়া থেকে প্রাইভেট গাড়িতে করে ভোলানাথ ঘোষ ও তাঁর ছেলে সত্যজিৎ ঘোষ বসিরহাট আদালতে আসছিলেন একটি পুরনো মামলার হাজিরা দিতে ।

বয়ারমারি মোড় পেরিয়ে ১ কিলোমিটার দূরে মালঞ্চের দিকে কলুপাড়ার কাছে উল্টো দিক থেকে একটা ১৬ চাকার ট্রাক সামনাসামনি ধাক্কা মারে ভোলা ঘোষের গাড়িতে । প্রবল সঙ্ঘর্ষে নিয়ন্ত্রন হারিয়ে দুটি গাড়িই রাস্তার পাশে মেছোঘেরির জলে উল্টে যায় । ঘটনাস্থলেই মৃত্যু হয় ভোলা ঘোষের ছোট ছেলে সত্যজিৎ ঘোষ (‌৩২)‌ ও গাড়ির চালক সাহিন মোল্লা (‌৩০) ‌। ভোলা ঘোষের আঘাত ততখানি গুরুতর নয় । তাঁকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে । দুর্ঘটনার পরেই ট্রাকের চালক পলাতক ।

এই দুর্ঘটনার পরেই রাজনৈতিক তরজা শুরু হয়ে গেছে । বিজেপির দাবি করছে এটি নিছক দুর্ঘটনা নয় । পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে । কারণ ভোলা ঘোষ শেখ শাজাহানের বিরুদ্ধে মামলার অন্যতম সাক্ষী । তাকে বারবার খুনের হুমকিও দেওয়া হচ্ছে । ভোলা ঘোষের বড় ছেলে বিশ্বজিৎ এবং পরিবারে লোকের দাবি শেখ শাজাহান জেলের ভেতর থেকে দুর্ঘটনা ঘটিয়ে খুনের পরিকল্পনা করে । দুর্ঘটনার খবর চাউর হতেই আসরে নেমে যায় বিজেপি । শুভেন্দু অধিকারি অভিযোগ তোলেন জেলের ভেতর থেকে শেখ শাজাহান দুর্ঘটনা ঘটিয়ে খুন করার পরিকল্পনা করেছিল । শুভেন্দুর অভিযোগ, জেলের ভেতরে মোবাইল ব্যাবহার করছে শাজাহানরা । তিনি শেখ শাজাহানের মামলা অন্য রাজ্যে নিয়ে যাওয়ার দাবি তোলেন। রেখা পাত্র, মাম্পি দাসও খুনের তত্ব খাড়া করে শুভেন্দুর সুরেই কথা বলেছেন ।

এদিন যে মামলায় হাজিরা দিতে বসিরহাটে এডিজে ফার্স্ট ট্রাক টু আদালতে যাচ্ছিল সেটির সঙ্গে শাজাহান শেখের মামলার কোন সম্পর্ক ছিলনা । সরকারি পক্ষের আইনজীবী মহম্মদ আশরাফুল ইসলাম বলেন, ‘‌আজকের মামলা সঙ্গে শেখ শাজাহানের মামলার কোন সম্পর্ক আমার জানা নেই ।’‌ তিনি বলেন, ২০২২ সালে জনৈক মহিলা ন্যাজাট থানায় অভিযোগ করেন ভোলা ঘোষ তাঁকে বিয়ের প্রস্তাব দিয়ে ধর্ষণ করেছেন এবং মারধর করেছেন । মহিলার অভিযোগ, ২০২২ সালে জানুয়ারি মাসে তাঁকে বাড়িতে ডেকে ভোলা ঘোষ , তার ২ ছেলে বিশ্বজিৎ ঘোষ ও সত্যজিৎ ঘোষ মারধোর করে । এদিন সেই মামলার দিন ছিল। ভোলা ঘোষের ও তাঁর ছেলেদের বিরুদ্ধে বিবাহ বহির্ভুত সম্পর্ক শারিরীক নিগ্রহ ও তাঁর ছেলেদের মারধোরের অভিযোগ আনেন ওই মহিলা । অন্যদিকে সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাত বলেন, দুর্ঘটনার খবর পেয়েই আমাদের ছেলেদের ঘটনাস্থলে পাঠাই । তারাই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ভোলা ঘোষের সঙ্গে কথা হয়। দুর্ঘটনা ও মৃত্যু মর্মান্তিক। তবে বিজেপি যে দাবি তার সত্যাসত্য পুলিশ তদন্ত করবে ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!