Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • সেপ্টেম্বর ৫, ২০২৫

কুরুচিকর মন্তব্য ! কুণাল ঘোষের বিরুদ্ধে ১০০ কোটির মানহানি মামলা মিঠুনের। ঘোষের হুঁশিয়ারি, ‘কোর্টে দেখা হবে’

আরম্ভ ওয়েব ডেস্ক
কুরুচিকর মন্তব্য ! কুণাল ঘোষের বিরুদ্ধে ১০০ কোটির মানহানি মামলা মিঠুনের। ঘোষের হুঁশিয়ারি, ‘কোর্টে দেখা হবে’

পরিবারকে জড়িয়ে কুরুচিকর ও ভিত্তিহীন মন্তব্যের অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন বিজেপি নেতা ও অভিনেতা মিঠুন চক্রবর্তী। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে মামলাটি দায়ের করেন মিঠুন। পাল্টা জবাবে কুণাল জানিয়ে দিয়েছেন, ‘কোর্টেই দেখা হবে।’

মিঠুনের অভিযোগ, সম্প্রতি সংবাদমাধ্যমে কুণাল একাধিকবার দাবি করেন, চিটফান্ড কেলেঙ্কারিতে মিঠুন জড়িত। শুধু তাই নয়, মিঠুন বিজেপিতে যোগ দিয়েছেন তদন্তের মুখ ঘোরানোর জন্য, এমন মন্তব্যও করেছেন তিনি। এর পাশাপাশি কুণাল আরো অভিযোগ করেন, মিঠুনের ছেলে ধর্ষণ মামলার সঙ্গে জড়িত এবং তাঁর স্ত্রী আর্থিক লেনদেন-সংক্রান্ত দুর্নীতির সঙ্গে যুক্ত। এসব মন্তব্যকে সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত এবং মানহানিকর বলে দাবি করেছেন মিঠুন। এই ‘সৃষ্টিশীল কল্পনা’-র জবাবে মিঠুনের বক্তব্য—‘দেখছি, আমার জীবনকাহিনি কেউ আগে থেকেই সিনেমার স্ক্রিপ্ট বানিয়ে ফেলেছে!’ আদালতে তিনি বলেন, এ ধরনের মন্তব্য শুধু তাঁর ব্যক্তিগত সম্মান ক্ষুণ্ণ করেনি, পেশাগত ভাবেও তাঁকে ক্ষতির মুখে ফেলেছে। জানান, একাধিক চলচ্চিত্র ও বিজ্ঞাপন সংক্রান্ত প্রজেক্টে প্রভাব পড়েছে কুণালের মন্তব্যের জেরে।

প্রাক্তন রাজ্যসভার সাংসদ ও পদ্মভূষণ, দাদাসাহেব ফালকে সম্মানপ্রাপ্ত শিল্পী হিসেবে নিজের সামাজিক অবস্থান তুলে ধরে আদালতের কাছে ক্ষতিপূরণ হিসেবে ১০০ কোটি টাকা দাবি করেছেন। পাশাপাশি অনুরোধ করেছেন, কুণাল ঘোষ যেন ভবিষ্যতে তাঁর বা তাঁর পরিবারের বিরুদ্ধে এ ধরনের মন্তব্য না করেন, তার জন্য নির্দেশ দিক আদালত। সূত্রের খবর, মামলার সঙ্গে সংশ্লিষ্ট কোর্ট ফি বাবদ মিঠুন ৫০ হাজার টাকা জমা দিয়েছেন, যা সাধারণত সর্বোচ্চ ফি হিসেবে গণ্য হয়। মামলার শুনানির নির্দিষ্ট দিন এখনো ধার্য হয়নি। তবে আইনজীবী মহলে খবর, আগামী সপ্তাহেই মামলাটি আদালতে তোলা হতে পারে।

অন্য দিকে, বিপুল অঙ্কের মামলা খেয়েও বিন্দুমাত্র বিচলিত নন কুণাল ঘোষ। সংবাদমাধ্যমের কাজ করবার অভিজ্ঞতা থেকেই হয়তো কুণাল বুঝে গিয়েছেন, ‘ব্রেকিং নিউজ’ তৈরি করতে হলে একটু ‘ড্রামা’ ঢোকাতেই হয়। তাই আরেকধাপ এগিয়ে মিঠুনের উদ্দেশ্যে তাঁর কটাক্ষ, ‘যাঁর মান থাকে, তিনিই তো মানহানির অভিযোগ করেন। যে কথায় কথায় দলবদল করেন, তদন্তের ভয়ে দলে দলে ঘোরেন, তাঁর আবার কী মান?’ এখানেই থামেননি কুণাল। জানিয়েছেন, মিঠুনের বিরুদ্ধে তিনিও পাল্টা মামলা করেছেন। তৃণমূল নেতার দাবি, মিঠুনের একাধিক চিটফান্ড সংস্থার সঙ্গে যোগসূত্র রয়েছে। তিনি বলেন, ‘আমি চাই, পুরো বিষয়টি সিবিআই তদন্ত করুক। কোর্টে সব প্রমাণ দেব।’ রাজনৈতিক মঞ্চে শুরু হওয়া বাকযুদ্ধ এবার আদালতের এজলাসে। তৃণমূল এবং বিজেপির দুই পরিচিত মুখের এই লড়াই কোনদিকে যায়, সেদিকেই নজর এখন বঙ্গবাসীর।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!