Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • নভেম্বর ২৪, ২০২৩

২৯ নভেম্বর ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে রাজ্য বিজেপির সভা, অনুমতি দিল হাই কোর্ট।সভায় আসছেন অমিত শাহ

আরম্ভ ওয়েব ডেস্ক
২৯ নভেম্বর ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে রাজ্য বিজেপির সভা, অনুমতি দিল হাই কোর্ট।সভায় আসছেন অমিত শাহ

আগামী ২৯ নভেম্বর ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে বিজেপি সভা করতে পারবে। কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ কলকাতা হাই কোর্টের একক বেঞ্চের নির্দেশ বহাল রেখে শুক্রবার এই মামলার শুনানিতে বিজেপির সভার অনুমতি দিয়েছে। রাজ্যের আইনজীবী আদালতে জানিয়েছিলেন, ২৯ নভেম্বরের এই সভা হলে কলকাতার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়বে। এই কথা শোনার পর কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি বলেন, তাহলে ২১ জুলাই তৃণমূল যে ওই একই জায়গায় সভা করে, সেই সভা বন্ধ করে দিন। এদিকে হাই কোর্টের এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যেতে পারে রাজ্য সরকার। তাই আগাম শীর্ষ আদালতে ক্যাভিয়েট দাখিল করল রাজ্য বিজেপি। শুভেন্দু অধিকারী বলেছেন, “রাজ্যের তৃণমূল সরকার একেবারে নির্লজ্জ।” অন্যদিকে তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, “বিজেপির সভায় বিশৃঙ্খলা হতে পারে ভেবেই সভার অনুমতি দেয়নি কলকাতা পুলিশ।” এদিকে রাজ্য বিজেপির বক্তব্য, ক্যাভিয়েট দাখিল করার কারণ একটাই, এ বার রাজ্য শীর্ষ আদালতে গেলেও বিজেপির বক্তব্য না শুনে একতরফা ভাবে কোনও সিদ্ধান্ত নিতে পারবে না সুপ্রিম কোর্ট।

শুক্রবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ ২৯ নভেম্বর ধর্মতলার ভিক্তোরিয়া হাউসের সামনে  বিজেপিকে সভা করার অনুমতি দিয়েছে। রাজ্য সরকারের কাছে এটা বড় ধাক্কা। আদালত জানিয়েছে, কর্মসূচির জন্য কলকাতা পুলিশের ওয়েবসাইটে দেওয়া শর্ত মানতে হবে। তবে অতিরিক্ত কোনও শর্ত যে সভার আয়োজকদের উপর চাপানো যাবে না, তা স্পষ্ট করে দিয়েছে হাই কোর্ট। শুক্রবার এই মামলার শুনানিতে প্রধান বিচারপতির মন্তব্য, “রাজ্যে এই সব কর্মসূচি লেগেই থাকে। মানুষের সুবিধা-অসুবিধা নিয়ে ভাবেন না। সরকারি কর্মচারী, রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী সংস্থা সবাই রাস্তা আটকে মিছিল করে। পুলিশ অনুমতি দিয়ে দেয়। এটা এখানে খুব সাধারণ বিষয়। অন্য রাজ্যে আমার অভিজ্ঞতা আলাদা।”

বিজেপির আশঙ্কা, হাই কোর্টের এই নির্দেশের পর শীর্ষ আদালতে যাবে রাজ্য সরকার। তাই আগাম সতর্কতা হিসেবে শীর্ষ আদালতে ক্যাভিয়েট দাখিল করছে রাজ্য বিজেপি। এই নিয়ে বিজেপির তরফে আইনজীবীদের সঙ্গেও কথা বলা হচ্ছে বলে জানা গিয়েছে। যদিও রাজ্য ধর্মতলায় অমিত শাহের সভা নিয়ে হাই কোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাজ্য যাবে কি না সেটা এখনও স্পষ্ট নয়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!