- এই মুহূর্তে দে । শ
- আগস্ট ৩, ২০২৬
‘এসআইআর’ জটিলতায় আটকে আইআইটি কানপুরে ভর্তির সুযোগ, ট্রাইব্যুনালকে এক সপ্তাহে সিদ্ধান্তের নির্দেশ হাই কোর্টের
বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার জেরে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় আইআইটি কানপুরে পিএইচডি প্রোগ্রামে ভর্তি আটকে যাওয়ার অভিযোগ সামনে এসেছে। এ পরিস্থিতিতে আবেদনকারীর আপিল দ্রুত নিষ্পত্তির জন্য এসআইআর আপিল ট্রাইব্যুনালকে এক সপ্তাহের মধ্যে বিষয়টি বিবেচনা করার অনুরোধ জানিয়েছে কলকাতা হাই কোর্ট।
আদালতে আবেদনকারীর আইনজীবী জানান, আয়ান নওয়াজ ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আইআইটি কানপুরের পদার্থবিদ্যা বিভাগে পিএইচডি প্রোগ্রামে ভর্তির সুযোগ পেয়েছেন। কিন্তু এসআইআর প্রক্রিয়ায় তাঁর নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি এসআইআর আপিল ট্রাইব্যুনালে আবেদন করেছেন। তবে আপিল এখনও বিচারাধীন থাকায় তাঁর ভর্তি প্রক্রিয়া থমকে রয়েছে। এ পরিস্থিতিতে, যাতে ভর্তি প্রক্রিয়ায় আর কোনও বিলম্ব না হয়, সে কারণে ট্রাইব্যুনালকে দ্রুত আপিলের নিষ্পত্তির নির্দেশ দেওয়ার আর্জি জানানো হয় কলকাতা হাই কোর্টে।
মামলার শুনানিতে বিচারপতি কৃষ্ণা রাও পর্যবেক্ষণ করেন, এসআইআর-সংক্রান্ত আপিল বিচারাধীন থাকার কারণেই আবেদনকারীর পিএইচডিতে ভর্তি আটকে রয়েছে। তিনি ট্রাইব্যুনালকে আবেদনকারীর আপিলটি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করে, সম্ভব হলে আগামী এক সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করার অনুরোধ জানান।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় বিচারাধীন থাকা ভোটারদের আবেদন নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই নির্দেশ অনুযায়ী কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করেন। এসআইআর প্রক্রিয়ায় কয়েক লক্ষ ভোটারের নাম বিচারাধীন তালিকায় ছিল। যাঁদের নাম ওই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে, তাঁরা প্রয়োজনীয় নথি-সহ ট্রাইব্যুনালের দ্বারস্থ হচ্ছেন। এই আপিলগুলির শুনানি ও নিষ্পত্তির জন্য কলকাতার জোকায় ট্রাইব্যুনালের দপ্তর খোলা হয়েছে, যেখানে ধারাবাহিকভাবে বিচারাধীন মামলাগুলির নিষ্পত্তির কাজ চলছে।
❤ Support Us






