- এই মুহূর্তে দে । শ
- নভেম্বর ১৯, ২০২৫
অযোগ্য প্রার্থীদের তথ্যসহ তালিকা প্রকাশের নির্দেশ হাইকোর্টের। ‘বাড়তি নাম্বার’-এর সিদ্ধান্ত পরবর্তী শুনানিতে
স্কুল সার্ভিস কমিশনের একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগ পরীক্ষাকে ঘিরে বিতর্ক ক্রমেই জটিল আকার নিচ্ছে। অভিজ্ঞতার ভিত্তিতে অতিরিক্ত ১০ নম্বর দেওয়া নিয়ে শুরু হওয়া অভিযোগ, পার্ট টাইম শিক্ষকদের প্রার্থীপদের নিয়ে নতুন বিতর্ক এবং ‘দাগি’ বা অযোগ্য প্রার্থীদের তালিকা, সবই এখন আদালতের নজরদারিতে।
কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা স্পষ্ট জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ইন্টারভিউ তালিকায় থাকা ‘দাগি’ প্রার্থীরা নতুন নিয়োগে অংশ নিতে পারবে না। কেউ অংশ নিলে তার নাম তালিকা থেকে বাদ দিতে হবে। তিনি আরও নির্দেশ দিয়েছেন, অযোগ্যদের তালিকায় শুধু নামের উল্লেখ যথেষ্ট নয়, প্রার্থী সংক্রান্ত সকল তথ্য প্রকাশ করতে হবে যাতে স্বচ্ছতা বজায় থাকে। আদালত কমিশনকে ওএমআর আপলোডের মাধ্যমে তথ্য প্রকাশের নির্দেশও দিয়েছেন। তবে এই নির্দেশের পরেও পার্ট টাইম শিক্ষকদের পক্ষ থেকে চাপ কমছে না। তারা দাবী করছে, অভিজ্ঞতার জন্য অতিরিক্ত ১০ নম্বর দেওয়া হলে সেটা সরকারি স্কুলের পাশাপাশি বেসরকারি স্কুলের শিক্ষকদের ক্ষেত্রেও প্রযোজ্য হওয়া উচিত। পার্ট টাইম শিক্ষকদের সংখ্যা একাদশ-দ্বাদশ মিলিয়ে প্রায় ২০ হাজার। তারা ক্লাস পড়ান, পরীক্ষার খাতা দেখেন, তবু অভিজ্ঞতার নম্বর কেন দেওয়া হচ্ছে না, এটাই মূল অভিযোগ।
এসএসসি-র প্রকাশিত ফলাফলের পর দেখা গেছে, আংশিক সময়ের কিছু শিক্ষকের নামও অতিরিক্ত ১০ নম্বরে রয়েছে। অভিযোগ, ২ জন পার্ট টাইম শিক্ষককে অতিরিক্ত নম্বর দেওয়া হয়েছে, তাহলে সবাইকে সে সুবিধা দেওয়া হোক। আদালতে কমিশনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, ফলাফল প্রকাশ হলেও ভেরিফিকেশনে কোনো ত্রুটি ধরা পড়লে সংশ্লিষ্ট প্রার্থীর নাম তালিকা থেকে বাদ যাবে। ভুল তথ্য দেওয়া থাকলে প্রার্থীপদ বাতিল হবে। এছাড়াও কমিশন জানিয়েছে, ১৯৯৭ সালের পরে জন্ম নেওয়া প্রার্থীরা অভিজ্ঞতার ভিত্তিতে ১০ নম্বর পাওয়ার যোগ্য নয়। তবে আবেদনপত্র জমা দেওয়ায় তাদের তথ্য সত্য ধরে ১০ নম্বর দেওয়া হয়েছে, ভেরিফিকেশনের সময় এদের নাম তালিকা থেকে বাদ যাবে। মামলার পরবর্তী শুনানি ২ ডিসেম্বর। তখন কমিশনকে আদালতে সমস্ত বক্তব্য তুলে ধরতে হবে। নিয়োগ বিতর্কের কেন্দ্রবিন্দুতে এই তারিখে ফের নজর থাকবে চাকরিপ্রার্থীরা ও সংশ্লিষ্ট পক্ষগুলোর।
❤ Support Us







