Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুলাই ১৫, ২০২৬

কালীঘাট তৃণমূলকে সবুজ সঙ্কেত আদালতের, ২১ জুলাইয়ের সমাবেশ এবার তারামণ্ডলের সামনে

আরম্ভ ওয়েব ডেস্ক
কালীঘাট তৃণমূলকে সবুজ সঙ্কেত আদালতের, ২১ জুলাইয়ের সমাবেশ এবার তারামণ্ডলের সামনে

কলকাতার বিড়লা প্ল্যানেটোরিয়াম (তারামণ্ডল)-এর সামনে ২১ জুলাইয়ের সমাবেশ করার অনুমতি পেল মমতা বন্দ্যোপাধ্যায়-সমর্থিত কালীঘাটপন্থী তৃণমূল । তবে কলকাতা হাই কোর্ট এই অনুমতি দিয়েছে একাধিক কঠোর শর্ত সাপেক্ষে । বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ অনুযায়ী, সমাবেশে সর্বোচ্চ ২,৫০০ জন উপস্থিত থাকতে পারবেন । সভা করতে হবে দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৩টার মধ্যে । পাশাপাশি, পুরো রাস্তা দখল করে সভা করা যাবে না; রাস্তার একদিকে সভা চলবে এবং অন্যদিকে যান চলাচল স্বাভাবিক রাখতে হবে ।

বুধবার কালীঘাটপন্থী তৃণমূলের দায়ের করা মামলার শুনানি হয় বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে । মামলায় দলের দাবি ছিল, ২১ জুলাই ধর্মতলায় সমাবেশ করার জন্য কলকাতা পুলিশের কাছে অনুমতি চাওয়া হলেও দীর্ঘদিন কোনও উত্তর দেওয়া হয়নি । পরে পুলিশ জানিয়ে দেয়, ভিক্টোরিয়া হাউসের সামনে সভার অনুমতি দেওয়া সম্ভব নয় । এরপর লালবাজারে আয়োজকদের সঙ্গে বৈঠকে হাজরা মোড়কে বিকল্প স্থান হিসেবে প্রস্তাব দেওয়া হলেও তা মানতে রাজি হয়নি কালীঘাটপন্থী তৃণমূল ।

শুনানিতে আদালত স্পষ্ট জানিয়ে দেয়, ধর্মতলায় সমাবেশের অনুমতি দেওয়া যাবে না । এরপর রাজ্যের কাছে বিকল্প স্থান সম্পর্কে মত জানতে চায় আদালত। রাজ্য একাধিক বিকল্প জায়গার প্রস্তাব দেয়, যার মধ্যে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনের স্থানও ছিল । আবেদনকারীরাও সেই প্রস্তাবে সম্মতি জানালে বিচারপতি সৌগত ভট্টাচার্য সেখানে সমাবেশের অনুমতি দেন ।
তবে অনুমতির সঙ্গে একাধিক শর্তও বেঁধে দিয়েছে আদালত । নির্দেশ অনুযায়ী, ট্রাফিক ব্যবস্থা যাতে ব্যাহত না হয়, তা নিশ্চিত করতে হবে । আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার দায়িত্ব থাকবে কলকাতা পুলিশের উপর। এছাড়া, আগামী ১৮ জুলাই

বিকেল ৪টার মধ্যে সমাবেশের আয়োজকদের নাম ও মোবাইল নম্বর জয়েন্ট সিপি (হেডকোয়ার্টার্স)-এর কাছে জমা দিতে হবে ।
উল্লেখযোগ্যভাবে, এ বছর ২১ জুলাই কলকাতায় একাধিক রাজনৈতিক কর্মসূচি রয়েছে। শহিদ মিনারে কর্মসূচি করবে কংগ্রেস । অন্যদিকে, ঋতব্রত-ঘনিষ্ঠ তৃণমূল গোষ্ঠী গান্ধী মূর্তির পাদদেশে সভা করার অনুমতি পেয়েছে । সেই প্রেক্ষাপটে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন কালীঘাটপন্থী তৃণমূলের জন্য বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে সমাবেশের অনুমতি দিল হাই কোর্ট ।
আদালতের এই নির্দেশের ফলে বহু বছর পর ২১ জুলাইয়ের শহিদ দিবস উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমাবেশের ঐতিহ্যবাহী স্থান পরিবর্তন হতে চলেছে । এবার ধর্মতলার পরিবর্তে তারামণ্ডলের সামনেই পালিত হবে দলের শহিদ দিবসের কর্মসূচি ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!