Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • নভেম্বর ২৫, ২০২৪

বেফাঁস মন্তব্য করলেই শোকজ, সিদ্ধান্ত তৃণমূলের জাতীয় ওয়ার্কিং কমিটির বৈঠকে

আরম্ভ ওয়েব ডেস্ক
বেফাঁস মন্তব্য করলেই শোকজ, সিদ্ধান্ত তৃণমূলের জাতীয় ওয়ার্কিং কমিটির বৈঠকে

নেতাদের একের পর এক বেফাঁস মন্তব্যে নানা সময়ে দল বিপদে পড়েছে। এবার থেকে বেফাঁস মন্তব্য করে আর পার পারবেন না নেতা–নেত্রীরা। বেফাঁস মন্তব করলেই ঘোরতর বিপদ। দল থেকে সাসপেন্ড হওয়ার সম্ভাবনা। তাছাড়া যে কোনও বিষয়ে সবাই মন্তব্য করতে পারবেন না। নির্দিষ্টদের হাতে তুলে দেওয়া হল দায়িত্ব। তৃণমূলের জাতীয় ওয়ার্কিং কমিটির সভায় এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়িতে বসেছিল তৃণমূলের জাতীয় ওয়ার্কিং কমিটির বৈঠক। এই বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঠিক হয়েছে, এখন থেকে যে কেউ ইচ্ছেমত মন্তব্য করতে পারবেন না। যদি কেউ দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে মন্তব্য করেন, তিনবার শোকজের পর সাসপেন্ড করা হবে। দলের বিভিন্ন নেতাদের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। দিল্লি সংক্রান্ত বিষয়ে একজন দলের হয়ে কথা বলবেন। আবার রাজ্য সম্পর্কে অন্যজন। বিধানসভা সম্পর্কে অন্যজনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিন জাতীয় ওয়ার্কিং কমিটির বৈঠকের পর সাংবাদিক সম্মেলন করে দায়িত্ব ভাগ করে দেওয়ার কথা জানান রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। অর্থ সংক্রান্ত বিষয়ে দলের পক্ষ থেকে কথা বলবেন অমিত মিত্র এবং চন্দ্রিমা ভট্টাচার্য। অন্যদিকে শিল্প সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলবেন শশী পাঁজা ও পার্থ ভৌমিক। উত্তরবঙ্গ বিষয় নিয়ে কথা বলার অধিকার দেওয়া হয়েছে গৌতম দেব, উদয়ন গুহ, প্রকাশচিক বারিক। চা বাগানের বিষয়ে আবার দায়িত্ব মলয় ঘটকের ওপর। আর ঝাড়গ্রামের ক্ষেত্রে বীরবাহা হাঁসদা।

রাজ্যের সার্বিক বিষয়ে কথা বলার অধিকার দেওয়া হয়েছে শোভনদেব চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, মানস ভুঁইয়া, মলয় ঘটক, শশী পাঁজা, কুণাল ঘোষ ও সুমন কা়ঞ্জিলালকে। রাজ্যে দলের মুখপাত্রদের মধ্যে সমন্বয় রক্ষা করবেন অরূপ বিশ্বাস। তেমনি দিল্লির ব্যাপারে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি, ডেরেক ও’‌ব্রায়েন, কাকলি ঘোষ দস্তিদার, কীর্তি আজাদ, সুস্মিতা দেব ও সাগরিকা ঘোষ। এদিনের বৈঠকে সংসদ, বিধানসভা এবং দলের অভ্যন্তরের জন্য আলাদা আলাদা কমিটি গড়ে দিয়েছেন মমতা ব্যানার্জি।

জাতীয় ওয়ার্কিং কমিটির বৈঠকে এদিন মমতা ব্যানার্জি ছাড়াও হাজির ছিলেন অভিষেক ব্যানার্জি, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, সুব্রত বক্সী, শোভনদেব চট্টোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, রাজেশ ত্রিপাঠি, ডেরেক ও’ব্রায়েন, কাকলি ঘোষ দস্তিদার, চন্দ্রিমা ভট্টাচার্য, সুজিত বোস, পার্থ ভৌমিক, সুস্মিতা দেব, গৌতম দেব, মলয় ঘটক, অনুব্রত মণ্ডল, বীরবাহা হাঁসদা, বুলুচিক বরাইক, অসীমা পাত্ররা।

দীর্ঘদিন পর এদিন বৈঠকে হাজির ছিলেন প্রায় ২৫ মাস জেলবন্দি থাকা বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। তাঁর সঙ্গে একান্তে কয়েক মিনিট কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!