Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুন ৪, ২০২৬

কেরালার ধাঁচে এবার কলকাতায় ওয়াটার মেট্রো! দাদনপাত্রবারে নতুন গভীরসমুদ্র বন্দরের পরিকল্পনা মুখ্যমন্ত্রীর

কেরালার ধাঁচে এবার কলকাতায় ওয়াটার মেট্রো! দাদনপাত্রবারে নতুন গভীরসমুদ্র বন্দরের পরিকল্পনা মুখ্যমন্ত্রীর

কলকাতায় অত্যাধুনিক ওয়াটার মেট্রোপরিষেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জলপথে দ্রুত ও আধুনিক গণপরিবহণ ব্যবস্থা গড়ে তুলতেই এ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। ভারতে প্রথম ওয়াটার মেট্রো পরিষেবা চালু হয়েছিল কেরালার কোচিতে, যা উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। এরপর কেন্দ্রীয় সরকার দেশের একাধিক শহরে এ পরিষেবা সম্প্রসারণের পরিকল্পনা গ্রহণ করে। প্রথম পর্যায়ে গুয়াহাটি, শ্রীনগর, পাটনা, বারাণসী, অযোধ্যা, প্রয়াগরাজ, তেজপুর ও ডিব্রুগড়-সহ বিভিন্ন শহরে ওয়াটার মেট্রো চালুর পরিকল্পনা রয়েছে। সে তালিকায় এবার যুক্ত হতে চলেছে কলকাতাও। কেন্দ্রীয় জাহাজ মন্ত্রকের উদ্যোগে কলকাতা দেশের ১৮তম ওয়াটার মেট্রো শহর হতে চলেছে বলে জানান মুখ্যমন্ত্রী।

অন্যদিকে, তাজপুরে প্রস্তাবিত গভীরসমুদ্র বন্দর প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী। তিনি জানান, তাজপুরে পর্যাপ্ত জমির অভাব থাকায় সেখানে গভীরসমুদ্র বন্দর নির্মাণ বাস্তবসম্মত নয়। এ বিষয়ে আদানি গোষ্ঠীর সঙ্গে আলোচনা হয়েছে এবং জমির সমস্যার কারণেই তারা ওই প্রকল্প থেকে সরে গিয়েছিল বলে জানান তিনি। তাজপুরের পরিবর্তে প্রায় ১০ কিলোমিটার দূরে দাদনপাত্রবার এলাকায় নতুন পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, ওই এলাকায় রাজ্যের মালিকানাধীন প্রায় ১,৭০০ একর জমি রয়েছে, যা প্রকল্প বাস্তবায়নের জন্য উপযুক্ত। কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে এবং প্রয়োজনীয় অনুমোদনও পাওয়া গেছে বলে তিনি দাবি করেন।


বৃহস্পতিবার নবান্নে বন্দর, উপকূলবর্তী অঞ্চল এবং কলকাতার নদী-সংলগ্ন এলাকার উন্নয়ন নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেই এই সব সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়াও, কেন্দ্রীয় সরকারের সাগরমালা ২প্রকল্পে পশ্চিমবঙ্গকে যুক্ত করার সিদ্ধান্তের কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, পূর্ববর্তী সরকার সাগরমালা ১প্রকল্পে অংশ নেয়নি। তবে এবার রাজ্য সরকার সক্রিয়ভাবে সাগরমালা ২’-এ যুক্ত হবে এবং আগামী পাঁচ বছরের জন্য প্রায় ২২,৭০০ কোটি টাকার একটি উন্নয়ন প্রস্তাব তৈরি করবে।

এ প্রকল্পের আওতায় বন্দর সংযোগ ব্যবস্থা উন্নয়ন, উপকূলবর্তী অঞ্চলে মৎস্য পরিকাঠামো গড়ে তোলা এবং সাগর, কাকদ্বীপ, নামখানা, নয়াচর, খেজুরি থেকে শুরু করে ওড়িশা সীমান্ত পর্যন্ত বিস্তৃত উপকূল অঞ্চলের মৎস্যজীবীদের জীবনযাত্রার মানোন্নয়নের জন্য বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের মতে, ওয়াটার মেট্রো, নতুন গভীরসমুদ্র বন্দর এবং সাগরমালা ২ প্রকল্প পশ্চিমবঙ্গের পরিবহণ, বন্দরভিত্তিক অর্থনীতি এবং উপকূলীয় উন্নয়নের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!