- দে । শ
- আগস্ট ৮, ২০২৫
জাল হলফনামা তৈরি অভিযোগ দায়ের কালনা মহকুমা প্রশাসনের
সই, স্ট্যাম্প নকল করেদুটি জাল হলফনামা তৈরির অভিযোগ উঠল নাদনঘাটের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ গ্রহণের জন্য নাদনঘাট থানায় অভিযোগ দায়ের হল। সেইসঙ্গে কালনার এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেটের আদালতের ২ কর্মীকে অন্য বিভাগে বদলি করা হয়েছে। প্রশাসনের এই তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছে কালনা বার অ্যাসোসিয়েশন। কালনার মহকুমাশাসক শুভম আগরওয়াল বলেন, ‘দেখা যাচ্ছে হলফনামাতে আইনজীবীর সই, বারের স্ট্যাম্প, এমনকী এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সইও নকল করা হয়েছে। কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ প্রশাসনের ধারণা, জাল হলফনামা ব্যবহার করে জন্মের শংসাপত্র বের করাই উদ্দেশ্য ছিল। জানা গেল, নাদনঘাট পঞ্চায়েতের ২ বাসিন্দার নামে আলাদা দুটি হলফনামা দেখে সন্দেহ হয় কালনা মহকুমা আদালতের আইনজীবীদের। প্রথমে হলফনামায় ব্যবহার করা স্ট্যাম্পটি নকল বলে প্রমাণ হয়। পরে দেখা যায় চঞ্চল ঘোষ নামে যে আইনজীবীর সই নকল করা হয়েছে, সেটিও জাল। এরপরই বার অ্যাসোসিয়েশনের সন্দেহ দৃঢ় হয় যে, প্রতারণার উদ্দেশ্যেই হলফনামা দুটি তৈরি হয়েছে। এরপরই অ্যাসোসিয়েশনের সভাপতি প্রসেনজিৎ মণ্ডল ও সম্পাদক অরুণাভ হালদার সমস্ত নথি নিয়ে মহকুমাশাসকের সঙ্গে দেখা করে ব্যবস্থা গ্রহণের আবেদন জানান। আইনজীবীদের মতে, পুলিশ জেরা করলেই জাল হলফনামা তৈরির চক্রটিকে চিহ্নিত করতে পারবে। উল্লেখ্য যে, জেলা গোয়েন্দা দপ্তর সূত্রের, ২০২৪ সাল থেকে এ পর্যন্ত জাল নথি তৈরির জন্য মোট ১১ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। ২১টি জাল জন্ম শংসাপত্র তৈরির অভিযোগ হয়েছে।
❤ Support Us





