- মা | ঠে-ম | য় | দা | নে
- মে ৩, ২০২৫
প্রাক্তন সেনাকর্তার মন্তব্যের জের, বাংলাদেশ সফর বাতিল করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড
আগস্টে বাংলাদেশ সফরে যাওয়ার কথা ভারতীয় ক্রিকেট দলের। পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার জেরে ভারতের বাংলাদেশ সফর বাতিল হতে পারে। আর ওই আশঙ্কা তৈরি করেছে বাংলাদেশের এক প্রাক্তন সামরিক কর্মকর্তার সাম্প্রতিক মন্তব্য।
পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের আবহ তৈরি হয়েছে। এই পরিস্থিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ঘনিষ্ঠ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্তা এএলএম ফজলুর রহমান সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছেন, পাকিস্তান ভারত আক্রমণ করলে বাংলাদেশের উচিত ভারতের উত্তর–পূর্বাঞ্চলের রাজ্যগুলি দখল করা। পাশাপাশি চীনের সঙ্গে যৌথ সামরিক ব্যবস্থা গঠনেরও আহ্বান জানিয়েছেন তিনি। এই পরিস্থিতিতে ভারতের বাংলাদেশ সফর উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
আগস্টে ৩টি করে একদিনের আন্তর্জাতিক ম্যাচ ও টি২০ ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে যাওয়ার কথা ভারতের। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সম্প্রতি বাংলাদেশ সফরের ক্রীড়াসূচি ঘোষণা করা হয়েছিল। মিরপুরের শেরে বাংলা ন্যাশনাল স্টেডিয়াম ও চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দ্বিপাক্ষিক সিরিজের ম্যাচগুলি হওয়ার কথা। আন্তর্জাতিক ক্রিকেট ক্যালেন্ডারের অংশ এই সফর। তবে এখনও কোনও কিছু চূড়ান্ত হয়নি। সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষাপটে ওই সিরিজ খেলতে ভারতীয় দলের বাংলাদেশে না যাওয়ার সম্ভাবনাই বেশি। ভারত বাংলাদেশ সফরে না গেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়বে।
এদিকে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্তা এএলএম ফজলুর রহমানের বক্তব্যের সঙ্গে বাংলাদেশ সরকারের কোনও সংশ্লিষ্টতা নেই। বিবৃতিতে বলা হয়েছে, ‘ফজলুর রহমানের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে করা সাম্প্রতিক মন্তব্য তাঁর ব্যক্তিগত। এসব মন্তব্য বাংলাদেশ সরকারের অবস্থান বা নীতির প্রতিফলন ঘটায় না। সরকার কোনও ভাবেই এই ধরনের বক্তব্যকে সমর্থন করে না। বাংলাদেশ সব জাতির সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা, পারস্পরিক শ্রদ্ধা এবং শান্তিপূর্ণ সহাবস্থানের নীতির প্রতি দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।’
এদিকে, পাকিস্তানের চারজন ক্রিকেটারের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভারতে ব্লক করে দেওয়া হল। এই ক্রিকেটাররা হলেন বাবর আজম, মহম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদি ও হ্যারিস রউফ। তবে শাহিদ আফ্রিদির অ্যাকাউন্ট এখনও ব্লক করা হয়নি। আগেই ব্লক করা হয়েছে অলিম্পিকে সোনাজয়ী জ্যাভলিন থ্রোয়ার আরশাদ নাদিমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট।
❤ Support Us








