Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • আগস্ট ১৩, ২০২৬

শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ, দক্ষিণবঙ্গে রেড অ্যালার্ট ! প্রবল বৃষ্টির আশঙ্কা কলকাতা-সহ একাধিক জেলায়

আরম্ভ ওয়েব ডেস্ক
শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ, দক্ষিণবঙ্গে রেড অ্যালার্ট ! প্রবল বৃষ্টির আশঙ্কা কলকাতা-সহ একাধিক জেলায়

দক্ষিণবঙ্গের আকাশে ফের দুর্যোগের আশঙ্কা। সকাল থেকেই মুখ ভার আকাশের। কলকাতার বিভিন্ন এলাকাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে। এর মধ্যেই শক্তি বাড়াচ্ছে বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। এরপর সেটি গাঙ্গেয় বঙ্গের উপর দিয়ে ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাবে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ায় জারি করা হয়েছে লাল সতর্কতা। এই দুই জেলার কিছু এলাকায় ২০০ মিলিমিটার বা তারও বেশি বৃষ্টিপাত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একইসঙ্গে পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং হুগলিতে জারি রয়েছে কমলা সতর্কতা। ওই জেলাগুলির দু-একটি জায়গায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কিছু অংশে ঘণ্টায় প্রায় ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

শুক্রবারও দক্ষিণবঙ্গে দুর্যোগের পরিস্থিতি পুরোপুরি কাটছে না। পুরুলিয়ায় অতিভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি রয়েছে। বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও বীরভূমে রয়েছে হলুদ সতর্কতা। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কিছু এলাকায় ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বেগে দমকা হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, নিম্নচাপের পাশাপাশি মৌসুমী অক্ষরেখাও পরিস্থিতিকে আরও সক্রিয় করে তুলেছে। জামশেদপুর হয়ে কলকাতার উপর দিয়ে উত্তর বঙ্গোপসাগরের নিম্নচাপ ক্ষেত্র পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা। ফলে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে।

এদিকে, সমুদ্রও উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। পরিস্থিতির কথা মাথায় রেখে ১৫ আগস্ট, শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

পাহাড়ি এলাকাগুলিতে রবিবার থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা আরও বাড়তে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। পাশাপাশি জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।

সব মিলিয়ে, শক্তিশালী হয়ে ওঠা গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির দাপট বজায় থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চল ও উপকূলবর্তী জেলাগুলিতে প্রশাসনের সতর্কতা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!