Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • সেপ্টেম্বর ১০, ২০২৫

দেশজুড়ে নাশকতার ছক? রাঁচি-দিল্লিতে গ্রেফতার সন্দেহভাজন ২ আইএস জঙ্গি

আরম্ভ ওয়েব ডেস্ক
দেশজুড়ে নাশকতার ছক? রাঁচি-দিল্লিতে গ্রেফতার সন্দেহভাজন ২ আইএস জঙ্গি

ভারতের মাটিতে নাশকতার ছক কষছিল শীর্ষ জঙ্গি সংগঠন ইসলামিক? তদন্তকারীদের হাতে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। ঝাড়খণ্ডের রাঁচি এবং দিল্লি থেকে ধরা পড়ল ২ সন্দেহভাজন আইএস মদতপুষ্ট জঙ্গি। গোয়েন্দাদের দাবি, ধৃতদের সঙ্গে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের সরাসরি যোগাযোগ আছে। বুধবার সকালে দিল্লি পুলিশের স্পেশাল সেল, ঝাড়খণ্ড অ্যান্টি-টেররিজম স্কোয়াড (এটিএস) এবং রাঁচি পুলিশের যৌথ অভিযানে রাঁচির ইসলামনগরের তবারক লজ থেকে গ্রেফতার করা হয় আসহার দানিশ নামে এক যুবককে। তিনি ঝাড়খণ্ডের বোকারো জেলার পেটারওয়ার ব্লকের বাসিন্দা। দিল্লির একটি পুরনো মামলায় দীর্ঘদিন ধরেই তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। একই দিন দিল্লি থেকে ধরা পড়ে আরও এক সন্দেহভাজন আফতাব, যিনি মূলত মুম্বইয়ের বাসিন্দা ।

পুলিশ সূত্রে খবর, ২ অভিযুক্তের কাছ থেকে একাধিক ইলেকট্রনিক যন্ত্র ও ‘আপত্তিকর’ নথিপত্র উদ্ধার হয়েছে। তাঁদের মোবাইল ও ল্যাপটপে মেলে আইএস-সংক্রান্ত চ্যাট, ভিডিও ও ম্যানুয়াল দেখে তদন্তকারীরা প্রায় নিশ্চিত, এরা শুধু জঙ্গী সংগঠনের সমর্থক নন, সক্রিয় সদস্যও। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দানিশ ও আফতাব দুজনেই ভারতে বসে আইএসআইএস-এর হয়ে কাজ করছিলেন। অভিযোগ, দেশের বিভিন্ন জায়গায় নিষিদ্ধ সংগঠনের হয়ে নাশকতার ছক কষছিলেন তাঁরা। এমনকি মধ্যপ্রাচ্যের আইএস নেটওয়ার্কের সঙ্গেও অভিযুক্তদের সরাসরি যোগাযোগ আছে বলে সন্দেহ গোয়েন্দাদের। এনক্রিপ্টেড অ্যাপের মাধ্যমে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছিল বিদেশি হ্যান্ডলারের সঙ্গে। তদন্তকারীদের একাংশের মতে, ইরাক-সিরিয়ার কায়দায় ভারতে ইসলামিক খিলাফত প্রতিষ্ঠার উদ্দেশ্যেই সক্রিয় ছিল এই জঙ্গি-মডিউল।

এ ঘটনার জেরে দিল্লি, ঝাড়খণ্ড, বিহার, মহারাষ্ট্র-সহ একাধিক রাজ্যে জারি হয়েছে সতর্কতা। শুধু রাঁচি বা দিল্লি নয়, দেশের ৪টি রাজ্যে একযোগে অভিযান চালিয়েছে নিরাপত্তা সংস্থাগুলি। পুলিশ সূত্রের খবর, অভিযানে এ পর্যন্ত মোট ৬ জন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তদন্তকারীদের দাবি, ধৃতদের মধ্যে দানিশই মূল ষড়যন্ত্রী। তার ঘর থেকে যেসব যন্ত্রপাতি উদ্ধার হয়েছে, তাতে ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে কীভাবে ভারতীয় মাটিকে ব্যবহার করে জঙ্গি কার্যকলাপ ছড়াতে চাইছে বিশ্বের অন্যতম কুখ্যাত জঙ্গী সংগঠন ইসলামিক স্টেট। দিল্লি পুলিশের স্পেশাল সেলের অতিরিক্ত পুলিশ কমিশনার প্রমোদ সিং কুশওয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে উদ্ধার হওয়া তথ্য বিশ্লেষণ করে গোয়েন্দারা এই মুহূর্তে দেশের বিভিন্ন প্রান্তে থাকা সম্ভাব্য জঙ্গি ঘাঁটি খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছেন।

ওয়াকিবহাল মহলের মতে, ইসলামিক স্টেট ইরাক ও সিরিয়া থেকে অনেকাংশে উৎখাত হয়ে, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় নতুন ঘাঁটি গড়ার চেষ্টা করছে। ভারতের কেরালা, তেলেঙ্গানা ও জম্মু-কাশ্মীর, এসব রাজ্যে ইতিমধ্যেই আইএস কার্যকলাপের প্রমাণ মিলেছে। এবার সই তালিকায় যুক্ত হলো বাংলার প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডও। গোয়েন্দা সূত্রের খবর, ধৃতদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, ইউএপিএ সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশের এক কর্তা জানিয়েছেন, ‘এটা শুধু একজন বা দুজনের মামলা নয়। গোটা চক্রকে নিষ্ক্রিয় করাই আমাদের লক্ষ্য। ধৃতদের জিজ্ঞাসাবাদে বহু চাঞ্চল্যকর তথ্য উঠে আসতে পারে।’ অন্য আরেক তদন্তকারী আধিকারিক জানান, ‘ভারতে বসেই আইএস-এর মতো সংগঠন যে আবার মাথাচাড়া দিচ্ছে, তা এই গ্রেফতারি থেকে স্পষ্ট। তবে আমরা প্রস্তুত।’


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!