- এই মুহূর্তে দে । শ
- আগস্ট ৩, ২০২৬
মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্তা মামলায় খালাস ব্রিজভূষণ সিং! ‘অভিযোগ প্রমাণ হলে ফাঁসিতে ঝুলতাম’— দাবি বিজেপি নেতার
দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত সোমবার নারী কুস্তিগীরদের দায়ের করা যৌন হেনস্তার মামলায় প্রাক্তন বিজেপি সাংসদ এবং ‘রেসলিং ফেডারেশন অব ইন্ডিয়া’-এর প্রাক্তন সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিং এবং সহ-অভিযুক্ত বিনোদ তোমর-কে খালাস দিয়েছে।
রায় ঘোষণার পর এনডিটিভিকে প্রতিক্রিয়া জানিয়ে ৬৯ বছর বয়সি ব্রিজ ভূষণ শরণ সিং বলেন, ‘যেদিন আমার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল, সেদিনই বলেছিলাম, যদি অভিযোগ প্রমাণিত হয়, তাহলে আমি স্বেচ্ছায় ফাঁসিতে ঝুলতে রাজি। আজ আদালত আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ খারিজ করেছে এবং ‘সম্মানজনকভাবে খালাস’ শব্দটি ব্যবহার করেছে। যা হওয়ার ছিল, তা হয়েছে।’ আদালতের রায়ের পর তাঁর সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। দিল্লিতে তাঁর বাসভবনে ফেরার সময় সমর্থকরা আতশবাজি ফাটান, ফুলের পাপড়ি ছিটিয়ে তাঁকে স্বাগত জানান। এ রায়ে সন্তোষ প্রকাশ করে ‘ডব্লিউএফআই’-এর বর্তমান সভাপতি সঞ্জয় সিং, যিনি ব্রিজ ভূষণের ঘনিষ্ঠ সহযোগী হিসেবেও পরিচিত, বলেন, ‘সবাই খুব খুশি। চারদিকে আনন্দের পরিবেশ।’
এ মামলার সূত্রপাত দিল্লির যন্তর মন্তরে মহিলা কুস্তিগীরদের আন্দোলনের পর। আন্দোলনকারী কুস্তিগীররা অভিযোগ করেছিলেন যে, ‘ডব্লিউএফআই’-এর সভাপতি থাকাকালীন তাঁদের যৌন হেনস্তা করেছিলেন ব্রিজ ভূষণ শরণ সিং। সে অভিযোগের ভিত্তিতেই দিল্লি পুলিশ একটি এফআইআর দায়ের করে। তদন্ত শেষ করে ২০২৩ সালের ১৫ জুন দিল্লি পুলিশ প্রায় ১,৫০০ পৃষ্ঠার চার্জশিট আদালতে জমা দেয়। ওই চার্জশিটে ভারত ও বিদেশের একাধিক নারী কুস্তিগীরের অভিযোগের ভিত্তিতে ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে মামলা চালানো হয়।
এ অভিযোগ ঘিরে রাজনৈতিক বিতর্কও তৈরি হয়েছিল। বিরোধীদের তীব্র সমালোচনা এবং বিষয়টির রাজনৈতিক প্রভাব বিবেচনা করে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি ব্রিজ ভূষণ শরণ সিংকে উত্তরপ্রদেশের কৈসরগঞ্জ কেন্দ্র থেকে প্রার্থী করেনি। পরিবর্তে দল তাঁর ছেলে করণ ভূষণ সিং-কে প্রার্থী করে, তিনি ওই আসনে জয়ী হন।
❤ Support Us






