- দে । শ
- অক্টোবর ৯, ২০২৫
কাটোয়ায় বিপজ্জনক বাড়ি ভাঙা শুরু পুরসভার
অবশেষে পুরআইন অনুসারে ঘোষিত বিপজ্জনক বাড়ি ভাঙা শুরু করল পুরসভা। কাটোয়া পুরসভার ইঞ্জিনিয়ারিং বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক শুভম চট্টোপাধ্যায়ের নেতৃত্বে পুরকর্মীরা শহরের কলাইপটির বিপজ্জনক বাড়ির দোতলার ঝুলবারান্দাটি ভেঙে দিলেন। বাড়ির মালিক কাটোয়া শহরে না থাকায় বাড়িটি ভাঙা হয়নি বলে পুরসভা সূত্রের খবর। রবিবার রাতে পুরসভার ৬নং ওয়ার্ডের কলাইপটি এলাকায় একটি পুরনো বিপজ্জনক বাড়ির দোতলার বারান্দার কার্ণিশ ভেঙে পড়ে। স্থানীয় বাসিন্দারা জানান, রাতের দিকে ঘটনা ঘটেছে বলে তেমন কোন ক্ষয়-ক্ষতি হয়নি। দিনের বেলায় ঘটলে অনেক বড় ধরনের ক্ষতি হতে পারত। পুর আধিকারিক শুভম চট্টোপাধ্যায় বলেন, ‘কলাইপটি এলাকার পুরনো বাড়ির ঝুলবারান্দা বিপজ্জনক থাকায় ভেঙে ফেলা হল। বাড়িটি বাজার এলাকায় থাকায় পথচলতি মানুষের বিপদ হতে পারে ভেবেই ভেঙে ফেলার সিদ্ধান্ত নিল পুরসভা।’ মানুষকে বিপদ থেকে রক্ষা করতে পুরসভার ভূমিকাকে সাধুবাদ জানাচ্ছেন শহরের বাসিন্দারা।
ভাগীরথী লাগোয়া কাটোয়া শহর বহু পুরনো। মেগাস্থিনিসের ‘ইণ্ডিকা’ গ্রন্থে এই শহরের উল্লেখ রয়েছে। ভাগীরথীর বন্দর শহর এই কাটোয়ায় এক সময়ে নানারকম ব্যবসার ক্ষেত্র ছিল। ব্যবসায়ীরা এখানে বড় বড় বাড়ি তৈরি করেন। কালের নিয়মে সেইসব বাড়িগুলি সংস্কারের অভাবে জীর্ণ ও বিপজ্জনক হয়ে পড়েছে। বিপদ এড়াতে পুরবিধি মেনে শহরের মোট ২০টি বাড়িকে বাকি ‘বিপজ্জনক’ ঘোষণা করেছে পুরসভা। সেগুলিকে ধীরে ধীরে ভাঙা হবে।
❤ Support Us






