Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • নভেম্বর ১৯, ২০২৫

ভারত–রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলন, পুতিনের সঙ্গে বৈঠক বিদেশমন্ত্রীর

আরম্ভ ওয়েব ডেস্ক
ভারত–রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলন, পুতিনের সঙ্গে বৈঠক বিদেশমন্ত্রীর

আগামী মাসের প্রথম সপ্তাহে ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলন। তার আগে মঙ্গলবার ক্রেমলিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করলেন ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। আসন্ন ভারত–রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনের প্রস্তুতি সম্পর্কে পুতিনকে অবহিত করেছেন ভারতীয় বিদেশমন্ত্রী। ক্রেমলিনের সিনেট প্যালেসের প্রতিনিধি অফিসে দুজনের মধ্যে বৈঠক হয়। ভ্লাদিমির পুতিন নিজেই ভারতীয় বিদেশমন্ত্রী জয়শঙ্করকে অভ্যর্থনা জানান।

পুতিনের সঙ্গে বৈঠকের পর ভারতীয় বিদেশমন্ত্রী জয়শঙ্কর সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে লিখেছেন, ‘‌মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দেখা করতে পেরে সম্মানিত বোধ করছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা পৌঁছে দিলাম।’‌ জয়শঙ্কর আরও লিখেছেন, ‘‌আসন্ন ভারত–রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনের প্রস্তুতি সম্পর্কে পুতিনকে অবহিত করেছি। আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়ন নিয়েও দুজনের মধ্যে দীর্ঘক্ষণ আলোচনা হয়েচে। আমাদের সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পুতিনের দৃষ্টিভঙ্গি এবং নির্দেশনাকে গভীরভাবে স্বাগত জানাই।’‌

ক্রেমলিন কর্তৃক প্রকাশিত ভিডিওগুলিতে দেখা গেছে পুতিন নিজেই জয়শঙ্করকে স্বাগত জানাচ্ছেন। জয়শঙ্করের সঙ্গে ছিলেন ভারতীয় রাষ্ট্রদূত বিনয় কুমার এবং যুগ্ম–সচিব মায়াঙ্ক সিং। বৈঠকে রাশিয়ার পক্ষ থেকে পুতিন ছাড়াও প্রেসিডেন্ট প্রশাসনের উপ–প্রধান ম্যাক্সিম ওরেশকিন, রাষ্ট্রপতির সহকারী ইউরি উশাকভ, অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রী ম্যাক্সিম রেশেতনিকভ এবং উপ–পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে রুডেনকো উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নিতে ৫ ডিসেম্বর রাশিয়ার প্রেসিডেন্ট ভারত সফরে আসবেন। তার আগে এই বৈঠক অনুষ্ঠিত হল।

রাশিয়া সফরে গিয়ে পুতিনের সঙ্গে বৈঠকে বসার আগেই সোমবার রাশিয়া বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গেও বৈঠক করেন জয়শঙ্কর। জয়শঙ্করকের সঙ্গে বৈঠকের আগে পুতিন এসসিও সদস্য দেশগুলির অন্যান্য প্রতিনিধিদলের প্রধানদের সঙ্গে দেখা করেন। সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্টিন, ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ, বেলারুশের প্রধানমন্ত্রী আলেকজান্ডার তুর্চিন, কাজাখস্তানের ওলজাস বেকতেনভ, কিরগিজস্তানের আদিলবেক কাসিমালিয়েভ, তাজিকিস্তানের কোখির রসুলজোদা এবং উজবেকিস্তানের আবদুল্লাহ আরিপভ এবং উজবেকিস্তানের ডেপুটি জেনারেল সেক্রেটারি ইয়ারমেকবায়েভ। এই বৈঠকে জয়শঙ্করও ছিলেন।

এসসিও–র পাশাপাশি জয়শঙ্কর মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী গোম্বোজাভিন জান্দানশাতার এবং কাতারের প্রধানমন্ত্রী এফএম শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানির সঙ্গেও দেখা করেছেন। তিনি এসসিও সরকার প্রধানদের বৈঠক আয়োজনের জন্য রাশিয়ার প্রধানমন্ত্রী মিশুস্তিনকে ধন্যবাদ জানান।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!